ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মানুষ মোবাইলে অনেক অপ্রয়োজনীয় কথাও বলছে: এনবিআর চেয়ারম্যান

মানুষ মোবাইলে অনেক অপ্রয়োজনীয় কথাও বলছে: এনবিআর চেয়ারম্যান
×

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম -ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২০ | ০৮:৪১

মোবাইল ব্যবহারে কর বাড়ানো বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, মূল সমস্যা কত বাড়লো তা বিষয় নয়, বাড়ানো হয়েছে এটাই সমস্যা। বলা হচ্ছে এতে মোবাইলের কল রেট বেড়ে যাবে। হয়ত মোবাইল অপারেটররা এ সুযোগ নেবেন। এক টাকায় ৫ পয়সা বাড়ানো হয়েছে। এতে মানুষের ব্যয় বেড়ে যাবে তা এনবিআর মনে করে না। কারণ মানুষ অনেক কম খরচে কথা বলছে। ফলে অনেক অপ্রয়োজনীয় কথাও বলছে। রেল লাইনে মারা যাচ্ছে।

শুক্রবার ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মোবাইলে খরচ বাড়ানো হলো কেন এ বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে প্রশ্ন করা হলে তিনি জবাব না দিয়ে এনবিআর চেয়ারম্যানকে উত্তর দিতে বলেন। উত্তরে এনবিআরের চেয়ারম্যান এসব কথা বলেন।

রাজস্ব আয়ের লক্ষ অর্জন বিষয়ে তিনি বলেন, করোনা ভাইরাসের প্রভাব থাকলে অর্জন করা কঠিন। না থাকলে অর্জন করতে প্রস্তুত এনবিআর। কর-জিডিপি অনুপাত বাড়াতে সরকার ব্যর্থ। এই ব্যর্থতার কারণ বারবার কর হার বাড়ানো হয়েছে। করের নেট বাড়ানো হয়নি। এতে করের নেট থেকে বের হওয়ার প্রবণতা দেখা দিয়েছে। করের নেট বাড়ানো দরকার। সেটা করতে হবে। প্রকৃত অর্থে যাদের কর দেওয়ার কথা তারা সকলে কর দিলে করমুক্ত আয়সীমা আরও বাড়ানো যাবে। এবারেরর বাজেটে এজন্য ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক কর কমানো হয়েছে। সবাই যাতে এগিয়ে আসে। ফাঁকি না দেয়। 

এদিকে ২০২০-২১ অর্থবছরের জন্য বাজেটে মোবাইল সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে সেবার বিপরীতে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন

×