ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাজার মূলধনে বিলিয়ন ডলার ক্লাবে ব্র্যাক ব্যাংক

বাজার মূলধনে  বিলিয়ন ডলার  ক্লাবে ব্র্যাক ব্যাংক
×

.

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫ | ০০:০৩

বাজার মূলধনে প্রথমবারের মতো বিলিয়ন ডলার ক্লাবে ঢুকল ব্র্যাক ব্যাংক। ২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এই প্রথম ব্যাংকটি এ মাইলফলক অর্জন করেছে। গত বৃহস্পতিবার সর্বশেষ বেসরকারি খাতের ব্যাংকটির শেয়ারদর বেড়ে ৬৮ টাকা ৮০ পয়সায় উন্নীত হয়েছে। এতে ব্যাংকটির বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলার।
বাজার মূলধন হলো তালিকাভুক্ত কোম্পানির সব শেয়ারের মোট বাজারমূল্য। সংশ্লিষ্ট কোম্পানির সর্বমোট শেয়ারকে সর্বশেষ বাজারমূল্য দিয়ে গুণ করে মোট বাজার মূলধন হিসাব করা হয়। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা ডিএসইর মোট বাজার মূলধন ৩ লাখ ৫৩ হাজার ৫৯৫ কোটি টাকা
বা ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। বাজার মূলধন হিসাব করা হয়েছে তালিকাভুক্ত ৩৬০ কোম্পানি এবং ৩৭টি মেয়াদি মিউচুয়াল ফান্ডের ভিত্তিতে।

বর্তমানে ব্র্যাক ব্যাংকের ১০ টাকা অভিহিত মূল্যের মোট শেয়ার সংখ্যা ১৯৯ কোটি ৯ লাখ ২৬ হাজার ১৬৭টি। এ হিসাবে ব্র্যাক
ব্যাংকের মোট বাজার মূলধন ১২ হাজার ৯২১ কোটি টাকা ছাড়িয়েছে। ডলারের বিনিময় মূল্য ১২০ টাকা দরে বাজার মূলধন এখন ১০৭ কোটি ৬৮ লাখ ডলার।
ব্র্যাক ব্যাংকের আগে ঢাকার শেয়ারবাজার ডিএসইতে বর্তমান বাজারমূল্যে বিলিয়ন ডলার ক্লাবের সদস্য হয়ে আছে তালিকাভুক্ত গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, ওয়ালটন হাইটেক এবং রবি। এর মধ্যে গ্রামীণফোনের বাজার মূলধন ৩৬৩ কোটি ৭৯ লাখ ডলার। অন্যদিকে স্কয়ার ফার্মার ১৬৩ কোটি ৬২ লাখ ডলার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের ১৪৭ কোটি ৮৭ লাখ ডলার, ওয়ালটন হাইটেকের ১১৬ কোটি ২ লাখ ডলার এবং রবির বাজার মূলধন ১১৪ কোটি ৮০ লাখ ডলার।
বাজার মূলধনে ব্র্যাক ব্যাংকের অবস্থান ষষ্ঠ এবং মোটের ৩ দশমিক ৬৫ শতাংশ। তবে উদ্যোক্তাদের শেয়ার বাদে ফ্রি-ফ্লোট শেয়ার বিবেচনায় ডিএসইর বাজার মূলধনে ব্র্যাক ব্যাংকের অবস্থান দ্বিতীয়। এ হিসাবে ব্র্যাক ব্যাংকের মোট বাজার মূলধন ৭ হাজার ৩৪৩ কোটি টাকা বা ৬১ কোটি ৪৫ লাখ ডলার। এ ক্ষেত্রে শীর্ষে আছে স্কয়ার ফার্মা, যার ফ্রি-ফ্লোট বাজার মূলধন ১১ হাজার ১২৬ কোটি টাকা বা ৯২ দশমিক ৭২ কোটি ডলার।

আরও পড়ুন

×