আগস্টের ২০ দিনে ১৬৪ কোটি ডলার রেমিট্যান্স
.
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫ | ২৩:৪১
চলতি মাসের প্রথম ২০ দিনে ১৬৪ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে এসেছিল ১৫৩ কোটি ডলার। আগস্টের এ পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১১ কোটি ২০ লাখ ডলার বা ৭ দশমিক ৩২ শতাংশ। সাম্প্রতিক সময়ে রেমিট্যান্সে উচ্চ প্রবৃদ্ধির তুলনায় যা কম।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে ২৪৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। টানা ছয় মাসের মধ্যে যা সর্বনিম্ন। অবশ্য গত বছরের জুলাই আন্দোলনের মধ্যে সরকারকে অসহযোগিতার জন্য রেমিট্যান্স না পাঠানোর ডাক দেয় ছাত্র-জনতা। ওই মাসে রেমিট্যান্স কমে ১৯১ কোটি ডলারে নেমেছিল। সে তুলনায় গত জুলাই মাসে রেমিট্যান্স বেশি আসে ৫৬ কোটি ৪১ লাখ ডলার, যা ২৯ দশমিক ৪৮ শতাংশ।
অর্থ পাচার কমে যাওয়ায় ২০২৪-২৫ অর্থবছরে বৈধ চ্যানেলে মোট ৩০ দশমিক ৩৩ বিলিয়ন বা ৩ হাজার ৩৩ কোটি ডলার প্রবাসী আয় দেশে আসে। আগের অর্থবছরের তুলনায় যা ৬৪১ কোটি ডলার বা ২৬ দশমিক ৮২ শতাংশ বেশি। রেমিট্যান্সে উচ্চপ্রবাহ এবং ভালো রপ্তানি আয়ের কারণে ডলার সংকট কাটিয়ে উঠেছে দেশ।
ডলারের দর দীর্ঘদিন ধরে ১২২ টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে বিপিএম৬ অনুযায়ী গতকাল ২৫ দশমিক ৮৬ বিলিয়ন ডলারে উঠেছে। আওয়ামী লীগ সরকারের পতনের সময় যা ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার ছিল। গ্রস রিজার্ভ বেড়ে ৩০ দশমিক ৮৬ বিলিয়ন ডলার হয়েছে। দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল ২০২১ সালের আগস্টে।
- বিষয় :
- রেমিটেন্স
