ডিবিএল গ্রুপের সঙ্গে ব্র্যাক ব্যাংকের ৪০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর
ডিবিএল গ্রুপের সঙ্গে ৪০০ কোটি টাকার প্রিফারেন্স শেয়ারস অ্যারেঞ্জমেন্ট চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫ | ০১:৩৯
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপের সঙ্গে ৪০০ কোটি টাকার প্রিফারেন্স শেয়ারস অ্যারেঞ্জমেন্ট চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক ডিবিএল গ্রুপের জন্য নন-কনভার্টিবল, কিউমুলেটিভ ও ফুলি রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে। এ ক্ষেত্রে ব্যাংকটি লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে ব্র্যাক ব্যাংক।
এই উদ্যোগটি ডিবিএল গ্রুপের ক্যাপিটাল স্ট্রাকচার আরও কার্যকরভাবে সাজানো, পুনঃঅর্থায়নের ঝুঁকি কমানো এবং দীর্ঘমেয়াদি আর্থিক টেকসইতা নিশ্চিত করার কৌশলের অংশ। এই উদ্ভাবনী ফাইন্যান্সিং স্ট্রাকচার ডিবিএল গ্রুপকে ইন্টারেস্ট রেটের পরিবর্তনগত ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ করে দেবে।
ঢাকায় ডিবিএল গ্রুপের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিবিএল গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহিম, ডিরেক্টর মোহাম্মদ আব্দুল কাদের, নেক্সট-জেনারেশন ডিরেক্টরস মোহাম্মদ আমান আবরার এবং আহনাফ আবেদ, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মো. আহসানুল ইসলাম এবং হেড অব ট্রেজারি এম জাকারিয়া চৌধুরী।
ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি, এফআই অ্যান্ড কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. শাহীন ইকবাল সিএফএ, এরিয়া হেড–২ এস এম মুসা এবং হেড অব স্ট্রাকচার্ড ফাইন্যান্স তানভীর কামাল।
সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- ব্র্যাক ব্যাংক
