ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

উচ্চ মূল্যের কৃত্রিম তন্তুর পোশাকে বিনিয়োগ করতে চায় চীন

বিজিএমইএর সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক

উচ্চ মূল্যের কৃত্রিম তন্তুর পোশাকে বিনিয়োগ করতে চায় চীন
×

ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫ | ০৭:৩৫ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ | ০৮:১৭

| প্রিন্ট সংস্করণ

তৈরি পোশাক শিল্পের ম্যানমেইড ফাইবারসহ পশ্চাদসংযোগ খাতে বিনিয়োগ করতে চায় চীন। ম্যানমেইড ফাইবারভিত্তিক উচ্চ মূল্যের পোশাক উৎপাদনে সক্ষমতা বাড়াতেও সহযোগিতা দিতে চেয়েছেন দেশটির উদ্যোক্তারা। এজন্য প্রযুক্তি ও যন্ত্রপাতিতে যৌথ বিনিয়োগে জোর দিয়েছে চীনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। 

গতকাল বৃহস্পতিবার তৈরি পোশাক রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানায় তারা। চীনা প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বৈশ্বিক ফ্যাশন পার্টনার বেটেক্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ফ্রাঙ্ক ই। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত বৈঠকে বিজিএমইএর পক্ষে নেতৃত্ব দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান।  এ সময় সংগঠনের সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক মো. হাসিব উদ্দিন, পরিচালক রুমানা রশীদ ও পরিচালক মোহাম্মদ সোহেল উপস্থিত ছিলেন। 
সভায় ইনামুল হক খান শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি খরচ কমাতে এবং লিড টাইম কমাতে এমএমএফভিত্তিক টেক্সটাইল, কেমিক্যাল ও নবায়নযোগ্য বিদ্যুৎ খাতে যৌথ বিনিয়োগে এগিয়ে আসার জন্য চীনা ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত প্রযুক্তি, সমন্বিত সরবরাহ ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সহযোগিতা চান। 

বৈঠকে বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নিবিড় যোগাযোগের ওপর গুরুত্ব দেন। তিনি আগামী জানুয়ারি মাসে বেটেক্স ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ও সহযোগিতায় বিজিএমইএ এবং চীনা ব্যবসায়ীদের নিয়ে একটি সমন্বয় সভা করার প্রস্তাবনা দেন। একই সঙ্গে তিনি শিক্ষা ও গবেষণার জন্য চীনের চেউং কং গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসের সঙ্গে বিজিএমইএ একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দেন।

ফয়সাল সামাদ বলেন, যেহেতু বাংলাদেশের পোশাক খাত চীন থেকে ফেব্রিকস আমদানি করে, তাই অনেক সময় সংশ্লিষ্ট দুই পক্ষের মধ্যে ব্যবসায়িক বিরোধ দেখা দেয়। এই বিরোধ নিষ্পত্তির জন্য চীনা ল ফার্ম একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে। এতে উভয় দেশের ব্যবসায়ীরা উপকৃত হবেন। 
চীনা প্রতিনিধি দলটি নবায়নযোগ্য জ্বালানিসহ গুরুত্বপূর্ণ খাতে যৌথ বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। জানুয়ারিতে একটি সভা করার বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। 

আরও পড়ুন

×