সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত হচ্ছে
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬ | ১৮:৪৪ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ | ১৮:৫৯
সঞ্চয়পত্রের মুনাফা হার কমানোর সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত নথি পাঠানো হলে তাতে সই করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ রোববারই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। অর্থ মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
গত বৃহস্পতিবার নতুন বছরের প্রথম দিন থেকে সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমায় সরকার। চলতি বছরের ১ জানুয়ারি থেকে কেনা সঞ্চয়পত্রে মেয়াদ পূর্তিতে মুনাফা করা হয়েছিল প্রায় সাড়ে ১০ শতাংশ। এতদিন যা ১২ শতাংশের কাছাকাছি ছিল। আগামী ছয় মাসে কেনা সঞ্চয়পত্রে নতুন এ মুনাফাহার কার্যকর হবে বলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল।
বর্তমানে চার ধরনের সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট নামে সরকারের সঞ্চয় স্কিম রয়েছে। প্রতি ক্ষেত্রে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত এবং এর বেশি সঞ্চয়পত্রে আলাদা মুনাফা দেওয়া হয়। ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার কিছুটা কম দেওয়া হয়। একজন ব্যক্তি বর্তমানে সর্বোচ্চ ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র কেনার সুযোগ রয়েছে।
পরিবার সঞ্চয়পত্রে এত দিন সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছরের মেয়াদ পূর্তিতে মুনাফার হার ছিল ১১ দশমিক ৯৩ শতাংশ; সেটিই বহাল রাখা হয়েছে। আর সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে এ মুনাফার হার ছিল ১১ দশমিক ৮০ শতাংশ, সেটিও ঠিক আছে।
পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে পঞ্চম বছর শেষে, অর্থাৎ মেয়াদ পূর্তিতে মুনাফা ছিল ১১ দশমিক ৯৮ শতাংশ; এখনো তা বহাল রাখা হয়েছে। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ১১ দশমিক ৮০ শতাংশ বহাল থাকল।
পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফার হার সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ পূর্তিতে মুনাফার হার ছিল ১১ দশমিক ৮৩ শতাংশ; যা আগামী ছয় মাসের জন্য ঠিক রইল। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ছিল ১১ দশমিক ৮০ শতাংশ; তাও ঠিক আছে।
এ ছাড়া তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদ পূর্তিতে মুনাফার হার ১১ দশমিক ৮২ শতাংশ এবং সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এ মুনাফার হার ১১ দশমিক ৭৭ শতাংশ।
