ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কর্মসংস্থান ও রেমিট্যান্স বাড়াতে ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে সরকার

কর্মসংস্থান ও রেমিট্যান্স বাড়াতে ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে সরকার
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬ | ১৭:৩৪

কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশে রেমিট্যান্স প্রবাহ জোরদার করার লক্ষ্যে ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৪০ হাজার নতুন চালককে প্রাথমিক প্রশিক্ষণ এবং ২০ হাজার বিদ্যমান চালককে উন্নত দক্ষতা প্রশিক্ষণের আওতায় আনা হবে। এ কর্মসূচিতে মোট ব্যয় ধরা হয়েছে ২৩০ কোটি ৭২ লাখ ৬৭ হাজার ৮০০ টাকা।

মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর আওতায় ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়া হবে। নতুন চালকদের পাশাপাশি বিদ্যমান চালকদের উন্নত দক্ষতায় প্রশিক্ষণ দিয়ে বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে তোলা হবে।

তিনি বলেন, বর্তমানে অনেক চালক লাইট ভেহিকেল চালান, যাদের বিদেশে চাহিদা তুলনামূলক কম। তাই এই কর্মসূচির মাধ্যমে ক্রেন, এক্সকাভেটরসহ ভারী যন্ত্রপাতি ও হেভি ভেহিকেল পরিচালনায় প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা বিদেশে উচ্চ বেতনের চাকরির সুযোগ পান।

প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। নির্ধারিত নিয়ম ও মানদণ্ড অনুসরণ করে প্রশিক্ষণ, সনদ প্রদান ও লাইসেন্স ইস্যু করা হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা’ প্রকল্পের আওতায় বিআরটিএ অংশের একটি প্যাকেজ হিসেবে এই প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

প্রকল্পের আওতায় ৪০ হাজার নতুন পেশাদার চালককে ৪ মাসে মোট ৮০ দিন প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ২০ হাজার বিদ্যমান চালককে ৫ দিন মেয়াদী উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া ৬০ হাজার চালকের চোখ পরীক্ষা করা হবে এবং ২০ হাজার চালককে চশমা দেওয়া হবে।

এই প্রকল্পটি ২০২৩ সালের ১৮ এপ্রিল একনেক থেকে অনুমোদন পায়। প্রকল্পের মেয়াদ ২০২৩ সালের ১ মে থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।

অর্থ উপদেষ্টা বলেন, এই কর্মসূচির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এটি দেশের দীর্ঘমেয়াদি কর্মসংস্থান কৌশলের অংশ। বিদেশে কর্মসংস্থানের পাশাপাশি দেশেও পেশাদার চালকের মান উন্নয়ন ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে একই বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আরেকটি প্রস্তাবের প্রেক্ষিতে বরিশাল (দিনেরারপুল)–লক্ষ্মীপাশা–দুমকি সড়কের ২৭ কিলোমিটারে পান্ডব-পায়রা নদীর ওপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ প্রকল্পের একটি প্যাকেজ অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ৮৯৯ কোটি ৬২ লাখ ৭৪ হাজার ৩৪৬ টাকা।

আরও পড়ুন

×