কিছু ব্যক্তির হাতে ১৮ কোটি মানুষকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ১৭:৫৪ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ | ১৮:২৪
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কারসাজি ও কৃত্রিম মূল্যবৃদ্ধি রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, গুটি কয়েক ব্যক্তির হাতে ১৮ কোটি মানুষকে জিম্মি হতে দেবে না সরকার।
মঙ্গলবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, কিছু পণ্যের আমদানি ও সরবরাহে বড় অঙ্কের বিনিয়োগের প্রয়োজন হওয়ায় সব ব্যবসায়ীর পক্ষে এতে সম্পৃক্ত হওয়া সম্ভব হয় না। ফলে সীমিত সংখ্যক বড় ব্যবসায়ীর প্রাধান্য তৈরি হয়। তবে এই বাস্তবতাকে কাজে লাগিয়ে কেউ বাজারে অস্থিরতা সৃষ্টি করলে সরকার তা কঠোরভাবে মোকাবিলা করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, নিত্যপণ্যের আমদানিকারকদের সঙ্গে সরকার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং বাজার পরিস্থিতি নিয়মিত মনিটরিং করা হচ্ছে। জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও স্পষ্ট করেন তিনি।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সম্ভাব্য প্রভাব নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে অন্যদের বক্তব্য সম্পর্কে তিনি অবগত নন। তবে সরকার পরিস্থিতি বিবেচনা করেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
