ভালো কোম্পানি শেয়ারবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ২২:০২
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেয়ারবাজার তার ‘ফেভারিট সাবজেক্ট’, তবে বর্তমানে অনেক ভালো কোম্পানি বাজারটিকে ‘ক্যাসিনো’ হিসেবে মনে করে, যা বিনিয়োগ পরিবেশের জন্য উদ্বেগজনক।
শনিবার সচিবালয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও প্রধান নির্বাহীদের সঙ্গে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, শেয়ারবাজার তো আমার একটা ফেভারিট সাবজেক্ট। বাংলাদেশে শেয়ারবাজার ধ্বংস হওয়ার কারণ কি? সবাই উচ্চ সুদে ব্যাংক থেকে ঋণ নিয়েছে। স্বল্প মেয়াদে আমানত নিয়ে, দীর্ঘ মেয়াদে ঋণ দিয়েছে উচ্চ সুদে। বড় প্রজেক্টে উচ্চ সুদে ঋণ নেওয়া ক্ষতিকর। এটা নেওয়ার কথা ছিল পুঁজিবাজার থেকে। আমাদের পুঁজিবাজার তো নেই। যেটার জন্য একদিকে বিপদে পড়েছে ব্যাংক, অন্যদিকে বিপদে পড়েছে ব্যবসায়ীরা। উচ্চ ব্যয়ে ঋণ করেছে, এখন এটা পরিশোধ করতে হচ্ছে। অন্যদিকে ব্যাংকগুলো বিপদে পড়েছে কারণ ব্যবসায়ীরা পরিশোধ করতে পারছে না।
তিনি বলেন, পুঁজিবাজারের ওপর আমাদের বড় ধরনের প্রোগ্রাম আছে, একটু অপেক্ষা করেন দেখতে পারবেন। আমাদের পুঁজিবাজার পুরোপুরি সংস্কার হবে। যারা পুঁজিবাজারে বিনিয়োগ করেছে তাদের স্বার্থ সংরক্ষণ করতে হবে, তালিকাভুক্ত কোম্পানিগুলোর আস্থা সৃষ্টি করতে হবে। কারণ ভালো কোম্পানি আসতে চায়। যারা ভালো কোম্পানি তারা এটাকে ক্যাসিনো মনে করে। ক্যাসিনোতে কোন ভালো কোম্পানি তো যাবে না।
তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের আস্থা একদিকে, অন্যদিকে যারা তালিকাভুক্ত হবে তাদের আস্থা সৃষ্টি করতে হবে। ডিরেগুলেট একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছাড়া পুঁজিবাজার গ্রো করে না। রিটেল ইনভেস্টর দরকার, কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট ছাড়া বড় ধরনের ক্যাপিটাল মার্কেট কোনদিনও হতে পারে না।
অর্থমন্ত্রী বলেন, বিদেশিরা যাদের ফান্ডম্যানেজার আছে, বিদেশি বিনিয়োগকারী আছে যারা ইমার্জিং মার্কেটে আসতে চায়, তাদেরকে এট্রাক্ট করার জন্য একটা প্রোগ্রাম চলছে, খুব সহসা। আমরা একজনকে দায়িত্ব দিয়েছি, তিনি পুঁজিবাজারের দায়িত্ব নিয়েছেন। আমার সকল সহায়তা তার জন্য থাকবে। আপনারা চেঞ্জ দেখতে পারবেন।
তিনি বলেন, এখন পুঁজিবাজার খালি বেসরকারি খাতের অর্থ নেওয়ার জন্য না। সারাবিশ্বে উন্নত দেশগুলোতে পুঁজিাবাজরে গভমেন্ট বন্ড, মিউনিসিপাল বন্ড চলে এসছে। সরকার টাকা এখান থেকে নেবে। আপনি বিমান চালাবেন, এটা তো একটা এন্টারপ্রাইজ। এখানে কেন সরকারের তহবিল থাকবে। আপনি বিমান কোম্পানি মার্কেটে যান এবং সেখান থেকে ঋণ করেন।
অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার উন্নয়নের মাধ্যমে আমরা আশা করছি আগামীতে অনেকগুলো কাজের অর্থ সরকারের তহবিল থেকে দিতে হবে না। তাহলে সরকারের তহবিল খরচ হতে হবে অবকাঠামো ডেভেলপমেন্টের জন্য, সাধারণ মানুষের জন্য, তাদের সুযোগ-সুবিধা সৃষ্টি করার জন্য। সরকারি তহবিলের অগ্রাধিকার তো ওখানে থাকা উচিত। এই যে ইকোনমিক ম্যানেজমেন্ট, বাজেটিং এগুলোকে নতুন কনসেপ্টের দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা লাগবে।
- বিষয় :
- অর্থমন্ত্রী
- শেয়ারবাজার
