বিকাশের মাধ্যমে সহায়তা দেবে এফএও
শিল্প ও বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ | ০৭:১৪
| প্রিন্ট সংস্করণ
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন থেকে তাদের সুবিধাভোগীদের আর্থিক সহায়তা ও প্রণোদনা সরাসরি বিকাশের মাধ্যমে প্রদান করবে। সম্প্রতি ঢাকায় এফএও বাংলাদেশ কান্ট্রি অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে চুক্তি হয়েছে। গতকাল সোমবার এমএফএস প্রতিষ্ঠান বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফএওর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জিয়াকুন শি, ডেপুটি রিপ্রেজেন্টেটিভ দিয়া স্যানো, অ্যাসিস্ট্যান্ট রিপ্রেজেন্টেটিভ (অ্যাডমিনিস্ট্রেশন) একরামুল হক, বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অব বিজনেস সেলস মাশরুর চৌধুরী ও বিজনেস সেলস বিভাগের ভিপি (মাইক্রো ফাইন্যান্স পেমেন্ট) নোভেরা আয়েশা জামান।
চুক্তির আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক, জেলে, খামারি ও দিনমজুরসহ যে কোনো জনগোষ্ঠীর কাছে শর্তহীন আর্থিক সহায়তা পৌঁছে দিতে বিকাশের ‘ডিসবার্সমেন্ট সল্যুশন’ ব্যবহার করবে এফএও। সাপ্তাহিক বা যে কোনো ছুটির দিনেও তাৎক্ষণিকভাবে এ সেবার মাধ্যমে অর্থ বিতরণ করতে সক্ষম হবে এফএও।
এফএওর ‘কাজের বিনিময়ে অর্থ’ কর্মসূচিতেও বিকাশের ‘ডিসবার্সমেন্ট সল্যুশন’ ব্যবহৃত হবে। দেশে ছড়িয়ে থাকা যে কোনো বিকাশ এজেন্ট পয়েন্ট অথবা এটিএম বুথ থেকে ক্যাশ আউট করে সহায়তার অর্থ তুলে নিতে পারবেন সুবিধাভোগীরা। এ ছাড়া ক্যাশ আউট না করেও তারা বিকাশের মাধ্যমেই বিভিন্ন ধরনের পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মতো ইউটিলিটি সেবার বিল পরিশোধ, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, শিক্ষাপ্রতিষ্ঠান বা সরকারি সেবার ফি পরিশোধসহ বিভিন্ন ধরনের সেবা নিতে পারবেন ঘরে বসেই।
- বিষয় :
- বিকাশ
