বৈদ্যুতিক গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ মে ২০২৬ | ২১:৫৩
পরিবেশবান্ধব এবং জ্বালানি সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ি কেনায় সর্বোচ্চ ঋণ সীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে এ ধরনের গাড়ির জন্য ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে ব্যাংক। গ্রাহকের ২০ টাকা যোগানের বিপরীতে সর্বোচ্চ ৮০ টাকা দেওয়া যাবে। সাধারণ গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ৬০ লাখ টাকা ঋণ দিতে পারে ব্যাংক। গ্রাহকের ৪০ টাকার বিপরীতে ৬০ টাকা দেওয়া যায়। এছাড়া এখন থেকে জামানতের বিপরীতে ৪০ লাখ টাকা পর্যন্ত ব্যক্তি ঋণ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তবে মোট ঋণ প্রবৃদ্ধির চেয়ে ভোক্তা ঋণে বেশি প্রবৃদ্ধি করা যাবে না।
আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়। ব্যাংকগুলো ভোক্তা ঋণ নীতিমালার আওতায় গাড়ি, ফ্ল্যাট ও ব্যক্তিগত ঋণ নিতে পারে। বাংলাদেশ ব্যাংক থেকে সময়ে–সময়ে ঋণ–মূলধন অনুপাত, সর্বোচ্চ সীমাসহ বিভিন্ন বিষয় ঠিক করে দেয়। তারই ধারাবাহিকতায় জ্বালানি সাশ্রয়ী বৈদ্যুতিক ও পরিবেশবান্ধব গাড়ি কেনার ঋণ সীমা বাড়ানো হলো।
সার্কুলারে বলা হয়েছে, পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী বৈশিষ্ট্যের কারণে দেশে ইলেকট্রিক ও হাইব্রিড যানবাহনের চাহিদা ও ব্যবহার ক্রমাগত বাড়ছে। বর্তমান বাজার দর এবং এ ধরনের যানবাহনে গ্রাহকদের উৎসাহিত করতে ভোক্তা ঋণ নীতিমালায় আংশিক এ পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে।
সার্কুলারে আরও বলা হয়েছে, গত কয়েক বছরে বাংলাদেশে ভোগ্যপণ্যের বাজার দ্রুত বেড়েছে। ক্রমবর্ধমান মাথাপিছু আয়ের সঙ্গে দেশের জিডিপি প্রবৃদ্ধি ভোক্তা ব্যয়কে বাড়িয়ে দিয়েছে। বিদ্যমান বাজার মূল্য এবং ভোগ্যপণ্যের ক্রমবর্ধমান চাহিদাকে বিবেচনায় নিয়ে ভোক্তা ঋণ নীতিমালার আওতায় ব্যাংকগুলো উপযুক্ত জামানত নিয়ে ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে। তবে নিরাপত্তা জামানত ছাড়া ঋণ সীমা এখনকার মতো ১০ লাখ টাকায় অপরিবর্তিত থাকবে। ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হচ্ছে যে, তারা যেন এমনভাবে ভোক্তা ঋণের অর্থায়ন করে কোনোভাবেই যেন ব্যাংকটির মোট ঋণের প্রবৃদ্ধির চেয়ে ভোক্তা খাতে প্রবৃদ্ধি বেশি না হয়।
- বিষয় :
- বাংলাদেশ ব্যাংক
