হসপিটালিটি খাতের দক্ষ জনবল তৈরির উদ্যোগ
এনএইচটিটিআইয়ের সঙ্গে প্রিসিশন ফুডসের চুক্তি
ছবি-সংগৃহীত
শিল্প ও বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬ | ২২:৫৩
বাংলাদেশের দ্রুত সম্প্রসারিত হসপিটালিটি ও কুইক সার্ভিস রেস্টুরেন্ট (কিউএসআর) খাতের জন্য আন্তর্জাতিক মানের দক্ষ জনবল গড়ে তুলতে যৌথ উদ্যোগ নিয়েছে প্রিসিশন ফুডস অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এবং ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (এনএইচটিটিআই)।
এ লক্ষ্যে গত বৃহস্পতিবার ঢাকায় দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। চুক্তির আওতায় পেশাগত প্রশিক্ষণ, ইন্টার্নশিপ, ট্যালেন্ট ডেভেলপমেন্ট এবং আন্তর্জাতিক মানের ফুডসার্ভিস পরিচালনায় দক্ষতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করবে দুই প্রতিষ্ঠান।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রিসিশন ফুডস অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের চেয়ারম্যান নাসির লতিফ এবং ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মঈন উদ্দিন হায়াত।
প্রিসিশন ফুডস অ্যান্ড প্যাকেজিং লিমিটেড বর্তমানে বাংলাদেশে একটি আন্তর্জাতিকভাবে পরিচিত কুইক সার্ভিস ফুড ব্র্যান্ড চালুর প্রস্তুতি নিচ্ছে। সফট প্রেটজেলভিত্তিক ব্র্যান্ডটির বিশ্বের ২৮টি জায়গায় ২১০০-এর বেশি আউটলেট রয়েছে।
চুক্তি অনুযায়ী বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীন পরিচালিত এনএইচটিটিআই মুলত প্রার্থী নির্বাচন, হসপিটালিটি প্রশিক্ষণ সমন্বয় এবং ইন্টার্নশিপ কার্যক্রমে সহায়তা করবে। অন্যদিকে প্রিসিশন ফুডস বাস্তবভিত্তিক অপারেশনাল প্রশিক্ষণ, শিল্প-অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক মানসম্মত প্রশিক্ষণ কাঠামো নিয়ে কাজ করবে।
সংশ্লিষ্টরা বলছেন, দেশে কুইক সার্ভিস রেস্টুরেন্ট (কিউএসআর), ক্যাফে ও আধুনিক খাদ্যসেবা খাতের বিস্তার বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষ জনবলের চাহিদাও দ্রুত বাড়ছে। বিশেষ করে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর কার্যক্রম পরিচালনায় খাদ্যের মান নিয়ন্ত্রণ, গ্রাহকসেবা, স্বাস্থ্যবিধি এবং অপারেশনাল দক্ষতায় প্রশিক্ষিত কর্মীর প্রয়োজনীয়তা এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।
প্রেটজেল একটি ইউরোপীয় উৎসের জনপ্রিয় বেকড স্ন্যাকস, বর্তমানে উত্তর আমেরিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। মিষ্টি ও ঝাল—দুই ধরনের স্বাদের এই পণ্যটি বাংলাদেশের মূলধারার ফুডসার্ভিস বাজারে এখনো নতুন বলেই মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
এই অংশীদারত্বের মাধ্যমে তরুণদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, হাতে-কলমে কাজ শেখার সুযোগ এবং বৈশ্বিক সেবামানের সঙ্গে পরিচিত হওয়ার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
- বিষয় :
- হোটেল
