ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

দুই পক্ষের দ্বন্দ্বে নাভানা ফার্মার বিনিয়োগকারীরা বিপাকে

দুই পক্ষের দ্বন্দ্বে নাভানা ফার্মার বিনিয়োগকারীরা বিপাকে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ০৭:২৫

| প্রিন্ট সংস্করণ

নাভানা ফার্মাসিউটিক্যালস বর্তমানে এমন ব্যক্তিদের নিয়ন্ত্রণে, যাদের এ নিয়ন্ত্রণ নেওয়ার এখতিয়ার নেই।  শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির তদন্ত ও পর্যবেক্ষণে এমন তথ্য এসেছে। গত সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে এ অবস্থা চললেও আইনি জটিলতায় সংস্থাটি কোনো পদক্ষেপ নিতে পারছে না। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, কোম্পানির শেয়ারহোল্ডারদের দুই পক্ষ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছে। এই নিয়ে দ্বন্দ্ব উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। ফলে পর্ষদ সভাও হচ্ছে না। 

পর্ষদ সভা না হওয়ায় নাভানা ফার্মা আর্থিক প্রতিবেদন প্রস্তুত ও প্রকাশ করতে পারছে না। গত এপ্রিলের মধ্যে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের বাধ্যবাধকতা ছিল। কিন্তু এখনও  তা প্রকাশ হয়নি। আগামী জুন শেষে বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রস্তুত শেষে লভ্যাংশ ঘোষণাও অনিশ্চিত হয়ে পড়েছে।
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় নজিরবিহীন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল বলে অভিযোগ করেন তৎকালীন চেয়ারম্যান সাইকা মাজেদ। বিএসইসির কাছে পরদিন লিখিত অভিযোগপত্রে তিনি বলেন, এমন কয়েকজন সাবেক পরিচালক জুম লিংকের মাধ্যমে যুক্ত হন, যারা এর দুই বছর আগেই পরিচালক পদ থেকে পদত্যাগ করেছিলেন এবং রাজনৈতিক পট পরিবর্তনের পরই বিদেশে পালিয়ে যান। সাবেক ওই পরিচালকদের মিটিং থেকে বের করে দিতে নির্দেশ দিলেও তৎকালীন ভারপ্রাপ্ত এমডি ডা. সাঈদ ওই ব্যক্তিদের সভায় বহাল রাখেন। তিনি আরও বলেন, ওই পর্ষদ সভায় জাবেদ কায়সার আলীকে নতুন চেয়ারম্যান এবং  সাঈদ আহমেদকে ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগে অনুমোদন করেছে পর্ষদ। আদতে ওই সভায় এমন কোনো এজেন্ডা ছিল না, আলোচনা হয়নি। ফলে এমন কোনো সিদ্ধান্তও হয়নি। যদিও পরদিন স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ খবর প্রকাশ হয়। 

জানতে চাইলে বিএসইসি-সংশ্লিষ্ট এক কর্মকর্তা সমকালকে বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে গত ১০ মার্চ বিএসইসি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী চেয়ারম্যান পরিবর্তন বা এমডি নিয়োগ আইনসম্মত হয়নি। ফলে কমিশন সিদ্ধান্ত নেয়, আগের পর্ষদই বহাল থাকবে। জানা গেছে, এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট হয়েছে। 
এই প্রশাসনিক সংকটে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে পারেনি নাভানা ফার্মা। জানতে চাইলে বর্তমান ভারপ্রাপ্ত কোম্পানি সচিব আমিনুল হক জানান, আর্থিক হিসাব প্রস্তুত হয়নি। প্রতিবেদন প্রকাশের জন্য কমিশনের কাছে সময় চেয়ে আবেদন করা হয়েছে।

আরও পড়ুন

×