বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন থাকতে হবে
গতকাল সোমবার রাজধানীতে প্রাক-বাজেট সংলাপে সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হকসহ বক্তারা ফটাে রিলিজ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২৬ | ০৭:৩৪
| প্রিন্ট সংস্করণ
বিগত সরকারের রেখে যাওয়া বিপর্যস্ত অর্থনীতির ওপর দাঁড়িয়েই নতুন সরকারকে তাদের প্রথম বাজেট দিতে হচ্ছে। ফলে এই বাজেট তাদের জন্য এক ধরনের লিটমাস টেস্ট। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ তাদের সামনে রয়েছে। বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন থাকতে হবে।
গতকাল সোমবার রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক প্রাক-বাজেট সংলাপে অর্থনীতিবিদ, গবেষক ও ব্যবসায়ী নেতারা এসব কথা বলেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম এর আয়োজন করে। নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে ও সঞ্চালনায় সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আসন্ন বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে নিম্নআয়ের মানুষ। নাগরিক সুযোগ-সুবিধায় গ্রাম আর শহরের মধ্যে বৈষম্য দূর করবে সরকার।
দরিদ্র বা হতদরিদ্র জনগোষ্ঠীকে ভালো রাখা সরকারের লক্ষ্য।
তিনি বলেন, আগামী ৩০ জুনের মধ্যে ৮০ হাজার এবং আগামী বছরের ৩০ জুনের মধ্যে ৪০ লাখ ২০ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে ‘এক নাগরিক এক কার্ড’ নীতি বাস্তবায়ন করা হবে। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে প্রতিবন্ধীদের জন্যও বাজেট বরাদ্দ বাড়ানো হবে।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমান সরকারকে উত্তরাধিকার সূত্রে পাওয়া বিপর্যস্ত অর্থনীতির চাপের মুখেই বাজেট দিতে হচ্ছে। এর পাশাপাশি বৈশ্বিক পরিস্থিতি, শর্তসাপেক্ষে নেওয়া বিভিন্ন ঋণ এবং নির্বাচনী প্রতিশ্রুতির চাপও তাদের সামনে রয়েছে।
তিনি বলেন, গত তিন-চার মাসে সরকার কী ধরনের অর্থনৈতিক পরিস্থিতির মুখে পড়েছে অথবা এ থেকে উত্তরণে কোনো স্বল্পমেয়াদি রূপকল্পের কথা জানায়নি। ফলে এই সরকারও গতানুগতিক বাজেট প্রণয়নের পুনরাবৃত্তি ঘটাচ্ছে বলে শঙ্কা তৈরি হয়েছে। সরকারকে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েই বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক বলেন, সরকারি প্রকল্পে জমি দখলের প্রবণতার নামে জমিদারি প্রথা থেকে বের হতে হবে। কর সংগ্রহের সঙ্গে মানুষের সক্ষমতা বিবেচনা করা উচিত।
নাগরিক প্ল্যাটফর্মের কোরগ্রুপ সদস্য ও সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, জনগণ যে পরিমাণ কর দিচ্ছে আর সরকারের তহবিলে যা জমা হচ্ছে, এই দুইয়ের মাঝখানের বড় ব্যবধানটাই হলো দুর্নীতি। এই ব্যবধান শূন্যে নামানো না গেলে অর্থনীতির ভিত্তি কখনোই মজবুত হবে না।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, আগামী মাসে তাদের দলের পক্ষ থেকে একটি বিকল্প বাজেট প্রস্তাবনা দেওয়া হবে। তাঁর মতে, কর আদায়ে জড়িত ব্যক্তিরাই ব্যবসায়ীদের কর ফাঁকি দেওয়ার বুদ্ধি দিয়ে থাকেন। এ অবস্থা থেকে উত্তরণে দুই-তিন বছরের একটি বিশেষ ক্রাশ প্রোগ্রাম নেওয়া দরকার।
বিএনপি মিডিয়া সেলের সদস্য ও সংরক্ষিত নারী আসনের এমপি মাহমুদা হাবীবা বলেন, বর্তমান পরিস্থিতিতে এবারের বাজেট মূলত ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট’ ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার বাজেট। বাজেটের বাস্তবায়ন সক্ষমতা বাড়ানোও বড় চ্যালেঞ্জ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নীলোর্মী বলেন, প্রতি বছর বাজেটের আগে এনবিআরের নতুন করনীতির মাধ্যমে নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়ানো ঠিক নয়। গ্রামীণ দরিদ্র পরিবারের মেয়েরা উত্তরাধিকার সূত্রে যে সামান্য সম্পদ পায়, তার ওপর কর পুরোপুরি মওকুফ করার প্রস্তাব দেন তিনি।
বিকেএমইএর সাবেক সভাপতি ও প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক বলেন, একটি ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে ৯ লাখ কোটি টাকার বেশি ব্যয়ের বাজেট ঘোষণা সরকারের জন্য নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। এ বাস্তবতায় বাজেট বাস্তবায়নে সরকারি অর্থ ব্যবস্থাপনায় কঠোর শৃঙ্খলা, দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করা সবচেয়ে জরুরি।
উন্মুক্ত আলোচনায় ক্যাব সভাপতি এএইচএম শফিকুজ্জামান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পণ্যে আমদানি শুল্ক কমানোর আহ্বান জানান। পাশাপাশি জ্বালানির দাম আর না বাড়ানোরও পরামর্শ দেন। সংলাপে আরও বক্তব্য দেন সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আবদুল মজিদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সহসভাপতি তানিয়া রব প্রমুখ।
- বিষয় :
- বাজেট
