‘ইনসাইডার’ সংজ্ঞা বিস্তৃত করার প্রস্তাব বিএসইসির
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ মে ২০২৬ | ০৭:৩১
শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ‘ইনসাইডার’ বা সুবিধাভোগীদের তালিকায় উদ্যোক্তা, পরিচালকসহ কোম্পানির মূল ব্যবসা পরিচালনায় সম্পৃক্তদের সৎ বাবা-মা, সৎ ভাই-বোন এবং দত্তক নেওয়া সন্তানদেরও পরিবারের সদস্য হিসেবে গণ্য করার প্রস্তাব করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সম্প্রতি খসড়া প্রাতিষ্ঠানিক সুশাসন বিধিমালায় এ প্রস্তাব করা হয়েছে।
খসড়া প্রাতিষ্ঠানিক সুশাসন বিধিমালায় ‘পরিবার’ ও ‘পারিবারিক সম্পর্ক’-এর সংজ্ঞাকে বিস্তৃত করেছে। এ-সংক্রান্ত বিদ্যমান নীতিমালায় পরিবার বলতে কেবল স্বামী বা স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাই-বোন এবং শ্বশুর-শাশুড়িকে বোঝানো হয়। প্রস্তাবিত বিধিমালার ‘পারিবারিক সম্পর্ক’-এর একটি নতুন সংজ্ঞা পরিবারের সদস্যদের পাশাপাশি চাচা-চাচি, মামা-মামি, ভাগনে-ভাগনি এবং নির্ভরশীল ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
পর্ষদ সদস্যদের ও তাদের এই বিস্তৃত পরিবারের সদস্যদের মাধ্যমে যেন কোনো অনৈতিক লেনদেন বা ইনসাইডার ট্রেডিং না ঘটে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করা হয়েছে। গত এক দশকের অভিজ্ঞতা বিবেচনায় সংজ্ঞায় এ পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। নতুন খসড়া বিধিমালায় করপোরেট সুশাসনের কাঠামোতে স্বতন্ত্র পরিচালকের ভূমিকা বাড়ানোরও প্রস্তাব করা হয়েছে।
- বিষয় :
- বিএসইসি
