দুর্নীতি দমনে বরাদ্দ বেড়েছে যৎসামান্য
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জুন ২০২৬ | ২০:১৭ | আপডেট: ১১ জুন ২০২৬ | ২০:১৭
দুর্নীতি দমন ও প্রতিরোধমূলক কাজে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে যৎসামান্য। সরকারি-বেসরকারি খাতে লাগামহীন দুর্নীতি বন্ধে সুনির্দিষ্ট কোন পদক্ষেপের কথাও উল্লেখ করা হয়নি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য আগামী ২০২৬-২৭ অর্থবছরে চলতি অর্থবছরের চেয়ে ৬ কোটি টাকা বাড়িয়ে ১৯৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সারাদেশে দুর্নীতি দমন ও প্রতিরোধ কার্যক্রম পরিচালনার জন্য যা অপ্রতুল।
প্রস্তাবিত বাজেটে দুদকের পরিচালন ব্যয় ধরা হয়েছে ১৯৭ কোটি টাকা ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৬ কোটি টাকা। বিদায়ী অর্থবছরের বাজেটে দুদকের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৯১ কোটি টাকা। পরে সংশোধিত বরাদ্দ দাঁড়ায় ২০৩ কোটি টাকা।
চলতি বছরের গত ৩ মার্চ থেকে দুদকের কার্যক্রম পরিচালনার সর্বোচ্চ কাঠামো ‘কমিশন’ নেই। এই কারণে তিন মাসের বেশি সময়ে দুর্নীতি দমন ও প্রতিরোধে গুরুত্বপূর্ণ কার্যক্রম বন্ধ রয়েছে। ২০০৪ সালে কমিশন প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘসময়ে কমিশনবিহীন কখনওই ছিলো না দুর্নীতিবিরোধী রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি।
বিদেশে পাচার অর্থ ফেরত আনার বিষয়ে দুদকের কাজে বেশ অগ্রগতি হলেও গত তিন মাসে এসব কাজে গতি কমেছে।
