ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

নতুন বাজেটে ব্যবসাবান্ধব উদ্যোগ, ৭ দিনেই লাইসেন্স দেওয়ার পরিকল্পনা

নতুন বাজেটে ব্যবসাবান্ধব উদ্যোগ, ৭ দিনেই লাইসেন্স দেওয়ার পরিকল্পনা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৬ | ২১:৩৫ | আপডেট: ১১ জুন ২০২৬ | ২১:৪৩

ব্যবসা শুরু ও বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছে সরকার। নতুন বাজেটে ব্যবসাবান্ধব উদ্যোগের অংশ হিসেবে অনুমোদন ও লাইসেন্সিং প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে আনার পাশাপাশি আবেদন জমা থেকে লাইসেন্স প্রদান পর্যন্ত পুরো কার্যক্রম সর্বোচ্চ সাত দিনের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমন ঘোষণা দেন। তিনি বলেন, ব্যবসা সহজীকরণ, দেশীয় ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং উচ্চ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে বেসরকারি খাতকে আরও গতিশীল করা প্রয়োজন। এ জন্য উদ্যোক্তাদের জন্য সরকারি সেবাপ্রাপ্তি সহজ, দ্রুত, স্বচ্ছ ও পূর্বানুমানযোগ্য করতে বিভিন্ন সংস্কার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, ব্যবসা শুরুর অনুমোদন, নির্মাণ ও পরিবেশগত ছাড়পত্র, বিনিয়োগ-পরবর্তী সেবা, কর ও শুল্ক পরিপালন, বৈদেশিক লেনদেন, ব্যাংকিং সেবা এবং স্থানীয় লাইসেন্সিং ব্যবস্থাকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ‘সিংগেল উইন্ডো’ প্ল্যাটফর্মের আওতায় আনা হবে। এ ব্যবস্থায় আবেদন দাখিল, যাচাই, অনুমোদন, লাইসেন্স প্রদান, ছাড়পত্র ইস্যু এবং অগ্রগতি পর্যবেক্ষণের সব কার্যক্রম একই প্ল্যাটফর্মে সম্পন্ন করা যাবে।

তিনি আরও বলেন, পূর্ণাঙ্গ আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট সেবাগুলো সর্বোচ্চ সাত দিনের মধ্যে নিষ্পত্তি করার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে প্রতিটি অনুমোদন ও লাইসেন্স সেবার জন্য নির্দিষ্ট ‘সার্ভিস লেভেল অ্যাগ্রিমেন্ট’ (এসএলএ) নির্ধারণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো সংস্থা মতামত, অনাপত্তি বা ছাড়পত্র না দিলে প্রযোজ্য ক্ষেত্রে ‘ডিমড’ বা স্বয়ংক্রিয় অনুমোদন পদ্ধতিতে আবেদন নিষ্পত্তির সুযোগ রাখা হবে।

কোম্পানি নিবন্ধন প্রক্রিয়াও আরও সহজ ও দ্রুত করা হচ্ছে। নামের ছাড়পত্র, নিবন্ধন আবেদন, ফি পরিশোধ এবং নিবন্ধন সনদ প্রদান সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করে ৪৮ ঘণ্টার মধ্যে কোম্পানি নিবন্ধনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার।

এ ছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ জনবলের ওয়ার্ক পারমিট সাত দিনের মধ্যে এবং বিনিয়োগকারী ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসা ১০ দিনের মধ্যে প্রদানের উদ্যোগ নেওয়া হবে। যোগ্য বিনিয়োগকারীদের জন্য পাঁচ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি বিনিয়োগকারী ভিসা চালুর পরিকল্পনাও রয়েছে।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ব্যবসা ও বিনিয়োগ-সংক্রান্ত সেবায় সময়, ব্যয়, অনিশ্চয়তা এবং দাপ্তরিক জটিলতা কমিয়ে একটি আধুনিক ও দক্ষ সেবা-পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। জনস্বার্থ, পরিবেশগত সুরক্ষা এবং বিনিয়োগকারীদের অধিকার অক্ষুণ্ন রেখেই সেবা প্রদান প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা হবে।
 

আরও পড়ুন

×