জাইকা প্রেসিডেন্ট ঢাকায় আসছেন আজ
তানাকা আকিহিকো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ০৭:৪৭
| প্রিন্ট সংস্করণ
জাপান সরকারের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো পাঁচ দিনের সফরে ঢাকায় আসছেন আজ বুধবার। সফরের প্রথম দিনেই বিকেল ৫টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করবেন তিনি।
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশ-জাপান সম্পর্কের আরও উন্নয়ন ও দুই দেশের মধ্যকার সহযোগিতর বিভিন্ন ক্ষেত্রে নিয়ে আলোচনা হবে। গত এপ্রিল মাসে জাইকার ঋণের সুদের হার বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশের জন্য সম্ভাব্য ঝুঁকির বিষয়ে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী। ঋণের হার কমানোর বিষয়ে অনুরোধ জানাতে পারেন তিনি। একই দিন জাইকা প্রেসিডেন্ট পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও বৈঠক করবেন।
সফরের দ্বিতীয় দিনে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর হোলি আর্টিসান বেকারিতে যাবেন জাইকা প্রেসিডেন্ট। ২০১৬ সালের ১ জুলাই রাতে হোলি আর্টিসানে হামলায় নিহতদের মধ্যে সাতজন ছিলেন জাপানি নাগরিক। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও বৈঠক করবেন ড. তানাকা আকিহিকো। কক্সবাজারের মাতারবাড়িতে জাপানের ঋণ ও কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প ঘুরে দেখবেন তিনি। আগামী ৪ জুলাই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
- বিষয় :
- জাইকা
