ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

জাতীয় সঞ্চয়পত্রের সুদহার অপরিবর্তিত থাকছে

জাতীয় সঞ্চয়পত্রের সুদহার অপরিবর্তিত থাকছে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ০৭:৪০

| প্রিন্ট সংস্করণ

সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার আগামী ছয় মাসের জন্য অপরিবর্তিত রাখা হচ্ছে। শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। নিয়ম অনুযায়ী প্রতি ছয় মাস পরপর সঞ্চয়পত্রের মুনাফার হার পর্যালোচনা করে পুনর্নির্ধারণ করা হয়। গত জানুয়ারিতে সরকার সুদহার কমানোর ঘোষণা দিয়েছিল। তবে পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে আগের সুদহারই বহাল রাখা হয়।

এক সময় সঞ্চয়পত্রের সুদহার দীর্ঘদিন অপরিবর্তিত থাকত। ২০২৫ সালের জানুয়ারি থেকে প্রতি ছয় মাস অন্তর পুনর্নির্ধারণের সিদ্ধান্ত হয়। ট্রেজারি বন্ডের সুদের হারের সঙ্গে সামঞ্জস্য রেখে সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ করা হবে বলে জানানো হয়। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সুদহার কমানো হলে সরকারের প্রায় দুই হাজার কোটি টাকা সাশ্রয় হতো। তবে মধ্যবিত্ত পরিবারের অনেকেই সঞ্চয়পত্রের মুনাফার ওপর নির্ভর করে সংসার চালান। এ কারণে সরকার বর্তমান সুদহারই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বিদ্যমান নিয়ম অনুযায়ী, সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের দুটি ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে রয়েছেন সাত লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগকারী এবং দ্বিতীয় ধাপে সাত লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগকারী। সাত লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফার হার বেশি। বিভিন্ন সঞ্চয় কর্মসূচিতে সর্বোচ্চ মুনাফার হার ১১ দশমিক ৭৭ শতাংশ থেকে ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত।
আয়কর আইনে সঞ্চয়পত্রের মুনাফার ওপর ১০ শতাংশ অগ্রিম কর কেটে রাখার বিধান রয়েছে। এবারের বাজেটে বলা হয়েছে, সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কেটে রাখা কর চূড়ান্ত কর দায় হিসেবে গণ্য হবে না। বছর শেষে তা সমন্বয় করা যাবে। যদি কোনো করদাতার প্রযোজ্য করের চেয়ে বেশি কর কেটে রাখা হয়, তাহলে সেই অতিরিক্ত অর্থ ফেরত পাওয়া যাবে।
বর্তমান নিয়ম অনুযায়ী, ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) প্রয়োজন। ফলে যেসব ক্ষুদ্র বিনিয়োগকারীর করযোগ্য আয় নেই, তাদেরও টিআইএন নিয়ে বছর শেষে আয়কর রিটার্ন জমা দিয়ে সঞ্চয়পত্রের মুনাফা থেকে কেটে রাখা অগ্রিম কর ফেরত নিতে হবে।

কোন সঞ্চয়পত্রে মুনাফা কত
পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে প্রথম ধাপের বিনিয়োগকারীরা মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়ন করলে প্রথম বছরে ৯.৭৪ শতাংশ, দ্বিতীয় বছরে ১০.২১ শতাংশ, তৃতীয় বছরে ১০.৭২ শতাংশ, চতুর্থ বছরে ১১.২৬ শতাংশ এবং পঞ্চম বছরে ১১.৮৩ শতাংশ হারে মুনাফা পাবেন। দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা একই সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়ন করলে প্রথম বছরে ৯.৭২ শতাংশ, দ্বিতীয় বছরে ১০.১৯ শতাংশ, তৃতীয় বছরে ১০.৭০ শতাংশ, চতুর্থ বছরে ১১.২৩ শতাংশ এবং পঞ্চম বছরে ১১.৮০ শতাংশ হারে মুনাফা পাবেন। তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে প্রথম ধাপের বিনিয়োগকারীরা প্রথম বছরে ১০.৬৫ শতাংশ, দ্বিতীয় বছরে ১১.২২ শতাংশ এবং তৃতীয় বছরে ১১.৮২ শতাংশ হারে মুনাফা পাবেন। দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা প্রথম বছরে ১০.৬০ শতাংশ, দ্বিতীয় বছরে ১১.১৬ শতাংশ এবং তৃতীয় বছরে ১১.৭৭ শতাংশ হারে মুনাফা পাবেন।

পেনশনার সঞ্চয়পত্রে প্রথম ধাপের বিনিয়োগকারীরা মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়ন করলে প্রথম বছরে ৯.৮৪ শতাংশ, দ্বিতীয় বছরে ১০.৩২ শতাংশ, তৃতীয় বছরে ১০.৮৪ শতাংশ, চতুর্থ বছরে ১১.৩৯ শতাংশ এবং পঞ্চম বছরে ১১.৯৮ শতাংশ হারে মুনাফা পাবেন। দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা প্রথম বছরে ৯.৭২ শতাংশ, দ্বিতীয় বছরে ১০.১৯ শতাংশ, তৃতীয় বছরে ১০.৮৪ শতাংশ, চতুর্থ বছরে ১১.৩৯ শতাংশ এবং পঞ্চম বছরে ১১.৯৮ শতাংশ হারে মুনাফা পাবেন। পরিবার সঞ্চয়পত্রে প্রথম ধাপের বিনিয়োগকারীরা প্রথম বছরে ৯.৮১ শতাংশ, দ্বিতীয় বছরে ১০.২৯ শতাংশ, তৃতীয় বছরে ১০.৮০ শতাংশ, চতুর্থ বছরে ১১.৩৫ শতাংশ এবং পঞ্চম বছরে ১১.৯৩ শতাংশ হারে মুনাফা পাবেন। দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা প্রথম বছরে ৯.৭২ শতাংশ, দ্বিতীয় বছরে ১০.১৯ শতাংশ, তৃতীয় বছরে ১০.৭০ শতাংশ, চতুর্থ বছরে ১১.২৩ শতাংশ এবং পঞ্চম বছরে ১১.৮০ শতাংশ হারে মুনাফা পাবেন।
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে প্রথম ধাপের বিনিয়োগকারীরা প্রথম বছরে ১০.৬৫ শতাংশ, দ্বিতীয় বছরে ১১.২২ শতাংশ এবং তৃতীয় বছরে ১১.৮২ শতাংশ হারে মুনাফা পাবেন। দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা প্রথম বছরে ১০.৬০ শতাংশ, দ্বিতীয় বছরে ১১.১৬ শতাংশ এবং তৃতীয় বছরে ১১.৭৭ শতাংশ হারে মুনাফা পাবেন।

আরও পড়ুন

×