সতর্ক করল এনবিআর
কর নথি অডিটের ভয় দেখিয়ে টাকা চাওয়ার অভিযোগ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১০:৫৬
আয়কর নথি অডিটে পড়েছে— এমন দাবি করে করদাতাদের ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি প্রতারকচক্র। আইনি জটিলতার ভয় দেখিয়ে এবং অডিট থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন মোবাইল ফোন নম্বর থেকে অর্থ দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের প্রতারণার বিষয়ে করদাতাদের সতর্ক থাকতে বলেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সম্প্রতি একটি প্রতারকচক্র নিজেদের এনবিআরের কর্মকর্তা পরিচয় দিয়ে করদাতাদের সঙ্গে যোগাযোগ করছে। তারা দাবি করছে, সংশ্লিষ্ট করদাতার আয়কর নথি অডিটের জন্য নির্বাচিত হয়েছে। এরপর অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস কিংবা অডিটে জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করছে।
এনবিআর স্পষ্ট করেছে, কর নথি অডিট-সংক্রান্ত বিষয়ে কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর কিংবা অননুমোদিত মাধ্যমে করদাতাদের সঙ্গে যোগাযোগ করেন না। কোনো কর নথি অডিটের জন্য নির্বাচিত হলে আইন অনুযায়ী শুধু আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই তা সংশ্লিষ্ট করদাতাকে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর-সংক্রান্ত বকেয়া কর বা ফি কেবল সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগতভাবে কিংবা বিকাশ, রকেট, নগদ বা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণের কোনো বৈধ ক্ষমতা রাখেন না।
এনবিআর করদাতাদের পরামর্শ দিয়েছে, এ ধরনের সন্দেহজনক ফোনকল, খুদেবার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করতে।
এ ছাড়া কেউ এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে এবং প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এনবিআর বলেছে, করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। তাই কোনো অবস্থাতেই প্রতারকদের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য করদাতাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
- বিষয় :
- এনবিআর
