প্রভাব সৃষ্টিকারী ২৫ প্রতিষ্ঠান পেল ব্র্যাক ব্যাংকের সম্মাননা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ০৮:২২
| প্রিন্ট সংস্করণ
প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে অসামান্য অবদান রাখা ২৫টি প্রতিষ্ঠানকে প্রভাব সৃষ্টিকারী হিসেবে সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক। গত রোববার আয়োজিত ‘বাংলাদেশের ২৫টি সবচেয়ে ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান’ শীর্ষক অনুষ্ঠানে জনকল্যাণ ও জাতীয় উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রতিষ্ঠানগুলোকে এ সম্মাননা দেওয়া হয়েছে। বাংলাদেশে করপোরেট পর্যায়ে এটিই প্রথম এ ধরনের কোনো স্বীকৃতিমূলক উদ্যোগ বলে জানিয়েছে ব্র্যাক ব্যাংক।
ব্র্যাক ব্যাংকের রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে নেওয়া এ উদ্যোগ ব্যাংকটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের সেবা, শুদ্ধাচার, অন্তর্ভুক্তি ও ইতিবাচক সামাজিক ইমপ্যাক্ট আদর্শের প্রতিফলন। ইংরেজি দৈনিক ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’-এর সরাসরি তত্ত্বাবধানে গঠিত দেশের প্রথিতযশা ও বিশিষ্ট ব্যক্তিত্বের সমন্বয়ে একটি স্বাধীন জুরি প্যানেল ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেন।
সম্মাননাপ্রাপ্ত ২৫টি প্রতিষ্ঠান হলো– এসিআই গ্রুপ, আঞ্জুমান মুফিদুল ইসলাম, এপেক্স ফুটওয়্যার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল, বেঙ্গল ফাউন্ডেশন, বারডেম জেনারেল হাসপাতাল, বিশ্বসাহিত্য কেন্দ্র, বিকাশ লিমিটেড, বিকেএসপি, সিআরপি, ছায়ানট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, গণস্বাস্থ্য কেন্দ্র, গ্রামীণফোন, আইসিডিডিআর,বি, কুমুদিনী নার্সিং কলেজ, নটর ডেম কলেজ, পিকেএসএফ, প্রাণ-আরএফএল গ্রুপ এবং স্কয়ার গ্রুপ।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, ‘২৫ বছরের পথচলায় আমরা দেশে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের কার্যকারিতা প্রমাণ করেছি। আগামী দিনে আমাদের লক্ষ্য হবে এই অন্তর্ভুক্তির সুফল সবার কাছে পৌঁছে দেওয়া। স্যার ফজলে হাসান আবেদের ‘মিসিং মিডল’ ভিশনকে আমরা ‘মিসিং মেজরিটি’ পর্যন্ত পৌঁছে দিতে কাজ করে যাব, যাতে দেশের প্রত্যেক মানুষ সুযোগ, সেবা ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে।’
ব্র্যাক ব্যাংকের এমডি অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘সমাজে এর কম আরও অনেক প্রতিষ্ঠান আছে, যাদের অসাধারণ অবদানকে সম্মান জানানো প্রয়োজন। ব্র্যাক ব্যাংক এই প্রয়োজনই অনুভব করেছে। মানুষের জীবন বদলে দেওয়া এবং নতুন সুযোগ সৃষ্টি করা এসব প্রতিষ্ঠানকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও বৃহত্তর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব তৈরিতে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে ব্র্যাক ব্যাংক আরও বড় পরিসরে কাজ করে যাবে।’
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ বলেন, ‘যেসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, তাদের স্বীকৃতি দেওয়া সংবাদ প্রকাশের মতোই গুরুত্বপূর্ণ। এই ব্যতিক্রমী উদ্যোগে ব্র্যাক ব্যাংকের অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।’
- বিষয় :
- ব্র্যাক ব্যাংক