ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ব্রহ্মপুত্রের প্রত্যন্ত চরে প্রতিষ্ঠা হচ্ছে সৌর গ্রাম

ব্রহ্মপুত্রের প্রত্যন্ত চরে প্রতিষ্ঠা হচ্ছে  সৌর গ্রাম
×

গতকাল সোমবার সৌর গ্রাম প্রতিষ্ঠা বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন আইডিএলসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন এবং ফ্রেন্ডশিপের নির্বাহী পরিচালক রুনা খান ফটাে রিলিজ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ০৭:৪৭

| প্রিন্ট সংস্করণ

ব্রহ্মপুত্র নদের প্রত্যন্ত চরে প্রতিষ্ঠা করা হচ্ছে সৌর বিদ্যুৎভিত্তিক সোলার ভিলেজ বা সৌর গ্রাম। গাইবান্ধার মোল্লার চরে সোলার ভিলেজ প্রতিষ্ঠার উদ্যোগে এগিয়ে এসেছে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স এবং সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। এ লক্ষ্যে গতকাল সোমবার রাজধানীর গুলশানে আইডিএলসি ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আইডিএলসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন এবং ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান সমঝোতা স্মারকে সই করেন।

এম জামাল উদ্দিন বলেন, মোল্লার চরে নির্ভরযোগ্য বিদ্যুৎ ও আধুনিক সেচ অবকাঠামোর অভাব কৃষি উৎপাদনশীলতাকে উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত করছে। এতে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি স্থানীয় মানুষের অর্থনৈতিক সুযোগও সীমিত হচ্ছে। ফ্রেন্ডশিপের সঙ্গে অংশীদারিত্বে সোলার ভিলেজ প্রকল্পটি স্থানীয় মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং দীর্ঘ মেয়াদে তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। 
এ উদ্যােগের আওতায় মোল্লার চরে ৩০ কিলোওয়াট পিক ক্ষমতার সৌর বিদ্যুৎচালিত মাইক্রোগ্রিড স্থাপন করা হবে। পাশাপাশি দুটি সৌরচালিত সেচ পাম্প, ৭০টি পরিবারের জন্য প্রিপেইড বিদ্যুৎ মিটার, একটি বৈদ্যুতিক ধান ভাঙানোর মেশিন ও দুটি বৈদ্যুতিক মাড়াইযন্ত্র স্থাপন করা হবে। স্থানীয় দোকান ও ফার্মেসির জন্য দেওয়া হবে রেফ্রিজারেশন সুবিধাও। প্রকল্পের মাধ্যমে প্রায় ৩১৫ জন মানুষ সরাসরি উপকৃত হবেন। 

আরও পড়ুন

×