ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকস’ চালু
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ১৭:২৬ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬ | ১৯:১৫
জ্বালানি ও লজিস্টিকস খাতে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, নীতি প্রণয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকস’ (সিইএল) নামে একটি বহুমুখী প্ল্যাটফর্ম যাত্রা করেছে।
প্রকাশিত পরিচিতিপত্র (ব্রোশিউর) অনুযায়ী, সিইএলের কার্যক্রমের প্রধান তিনটি ক্ষেত্র হলো লজিস্টিকস, এনার্জি এবং এই দুই খাতের মধ্যে সমন্বয়। বৈশ্বিক উন্নয়ন সংস্থা ব্র্যাক ও ব্র্যাক ইউনিভার্সিটির সক্ষমতা কাজে লাগিয়ে সিইএল কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া, ব্র্যাক ইউনিভার্সিটির সহযোগী প্রতিষ্ঠান ও স্কুলগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গবেষণা ও অন্যান্য কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
পরিচিতিপত্রে বলা হয়েছে, সিইএল বৈশ্বিক জ্বালানি রূপান্তর, জলবায়ু পরিবর্তন, ডিজিটালাইজেশন এবং পরিবর্তিত বাণিজ্যব্যবস্থার কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে। বাংলাদেশে দ্রুত শিল্পায়ন, নগরায়ণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রেক্ষাপটে জ্বালানি ও লজিস্টিকস খাতের নানা সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি নিরাপত্তা, জ্বালানি বাজার, জ্বালানি অর্থায়ন, জ্বালানি দক্ষতা, জলবায়ু নীতি ও আঞ্চলিক জ্বালানি ব্যবস্থা নিয়ে কাজ করবে সিইএল।
একই সঙ্গে কার্বন নির্গমন হ্রাস, পরিবেশবান্ধব বন্দর, বিকল্প জ্বালানি, ব্যাটারি ভ্যালু চেইন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল প্রযুক্তি, জলবায়ু-সহনশীল অবকাঠামো এবং সাপ্লাই-চেইন স্থায়িত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখা হবে।
বিভিন্ন খাতের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি পরামর্শক পরিষদের নির্দেশনায় সিইএল একাডেমিক প্রোগ্রাম, পেশাগত প্রশিক্ষণ, জ্ঞান বিনিময়মূলক কর্মসূচি আয়োজন, গবেষণা ও পরামর্শ সেবা দেবে।
সেন্টারটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন সুলতান হাফিজ রহমান। পরিচালক হিসেবে রয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
প্রতিষ্ঠানটি অ্যাকাডেমিয়া, সরকার, শিল্প খাত, প্রকৌশল, অর্থায়ন, জ্বালানি ও পরিবহন খাতের একদল গবেষক ও বিশেষজ্ঞকে একত্রিত করেছে এবং এরইমধ্যে জ্বালানি ও বিদ্যুৎ খাতের নানা বিষয় নিয়ে সেমিনার আয়োজন শুরু করেছে।
- বিষয় :
- ব্র্যাক ইউনিভার্সিটি