ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ডিসেম্বরের মধ্যে করপোরেট সুশাসন বিধিমালা জারি করবে বিএসইসি

গোলটেবিল আলোচনায় সংস্থার কমিশনার হোসেন সাদাত

ডিসেম্বরের মধ্যে করপোরেট সুশাসন বিধিমালা জারি করবে বিএসইসি
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:০৭

| প্রিন্ট সংস্করণ

পুঁজিবাজারের টেকসই উন্নয়ন এবং সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে একক কোনো প্রতিষ্ঠানের চেষ্টা যথেষ্ট নয়। এর জন্য অংশীজনের সমন্বিত প্রয়াস প্রয়োজন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হোসেন সাদাত এমন মত দিয়েছেন।   
বিএসইসির কমিশনার জানান, বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, পেশাজীবী ও অংশীজনের মতামত বিবেচনা করে আগামী ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত ও পরিমার্জিতভাবে ‘বিএসইসি করপোরেট সুশাসন বিধিমালা’ জারি করা হবে।

গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানের হোটেল রেনেসাঁয় এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেড আয়োজিত ‘বাংলাদেশে করপোরেট গভর্ন্যান্স শক্তিশালীকরণ: প্রস্তাবিত বিএসইসি করপোরেট গভর্ন্যান্স বিধিমালা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, পুঁজিবাজারে স্বচ্ছতা নিশ্চিত করা, বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়া এবং ভালোমানের নতুন কোম্পানি তালিকাভুক্ত করাই বিএসইসির মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে নীতিনির্ধারণ, অবকাঠামো উন্নয়ন ও সহায়ক পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইতোমধ্যে আইপিও রুলস, মার্জিন রুলস এবং ডাইরেক্ট লিস্টিং নীতিমালায় প্রয়োজনীয় সংস্কার আনা হয়েছে। 
তিনি তথ্য দেন, বিএসইসির এসব উদ্যোগের ফলে আন্তর্জাতিক আর্থিক মূল্যায়ন সংস্থা জেপি মরগান আগামী নভেম্বর থেকে পুনরায় বাংলাদেশের পুঁজিবাজারকে তাদের ইনডেক্সে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে, যা বিদেশি বিনিয়োগ টানতে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, এনবিআর, আইডিআরএ ও বিএসইসির মধ্যে নিয়মিত আন্তঃনিয়ন্ত্রক সমন্বয়ের মাধ্যমে প্রশাসনিক জটিলতা নিরসনের কাজ চলছে।

গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেসের পার্টনার জারিন মাহমুদ হোসেন। সঞ্চালনা করেন এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেসের পরিচালক স্নেহাশিষ বড়ুয়া। 
আলোচনায় অংশ নিয়ে বিশেষজ্ঞরা বলেন, কেবল কাগজে-কলমে নিয়ম বা ‘টিক-বক্স’ কমপ্লায়েন্সের মাধ্যমে ভালো করপোরেট সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। তালিকাভুক্ত কোম্পানিগুলোতে স্বাধীন পরিচালকদের কেবল সম্মানীর জন্য নামকাওয়াস্তে নিয়োগ না দিয়ে তাদের প্রকৃত মূল্যায়ন, দক্ষতা ও কৌশলগত ভূমিকা নিশ্চিত করতে হবে। এ ছাড়া সম্পর্কিত পক্ষের লেনদেনে স্বচ্ছতা আনা, স্বাধীন বা নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করা এবং কোম্পানিগুলোর জন্য সাইবার সিকিউরিটি অডিট বাধ্যতামূলক করার তাগিদ দেন বক্তারা। 
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ও ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ড. মেলিতা মেহজাবীন, ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) কাউন্সিল মেম্বার এম নুরুল আলম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ এ মামুন, আইএফসির করপোরেট গভর্ন্যান্স অ্যাডভাইজরি লিড লোপা রহমান, বিশ্বব্যাংকের লিড গভর্ন্যান্স স্পেশালিস্ট সুরাইয়া জান্নাত এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের  সভাপতি মুনির হোসেন ও সাধারণ সম্পাদক আহসান হাবিবসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×