শাস্তির মুখে সময়মতো লভ্যাংশ না দেওয়া ৯ কোম্পানি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ০৭:৫৫
| প্রিন্ট সংস্করণ
বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পাস হওয়া লভ্যাংশ ৩০ কর্মদিবসের মধ্যে শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণের অবশ্য পালনীয় বিধান আছে। তবে নির্ধারিত সময় পার হওয়ার পাঁচ থেকে আট মাস পরও গত বছরের জন্য এজিএমে পাস হওয়া লভ্যাংশ বিতরণ করেনি শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় কোম্পানি। এ ঘটনায় সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
জানা গেছে, যে নয় কোম্পানির বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেগুলোর মধ্যে পাঁচটি মূল শেয়ারবাজারে তালিকাভুক্ত। এগুলো হলো– আফতাব অটোমোবাইলস, নাভানা সিএনজি, ফরচুন সুজ, ইন্ট্রাকো রিফুয়েলিং এবং এডভেন্ট ফার্মা। বাকি চারটি স্বল্প মূলধনি কোম্পানির শেয়ার কেনাবেচার প্ল্যাটফর্ম এসইএমই বোর্ডভুক্ত। কােম্পানিগুলাে হলো– মাস্টার ফিড, কৃষিবিদ ফিড, কৃষিবিদ সিড এবং বিডি পেইন্টস। এসব কোম্পানির মধ্যে কৃষিবিদ ফিড ছাড়া বাকি আটটির এজিএম হয় গত বছরের ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে।
জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর পর্যন্ত এডভেন্ট ফার্মা সর্বোচ্চ ৫০ শতাংশ লভ্যাংশ বিতরণ করেছে। এ ছাড়া মাস্টার ফিড ২৬ শতাংশ, আফতাব অটো ১৪ শতাংশ এবং নাভানা সিএনজি ১৮ শতাংশ লভ্যাংশ বিতরণ করেছে। বাকিরা কোনো লভ্যাংশ বিতরণ করেনি।
জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম সমকালকে বলেন, সময়মতো লভ্যাংশ পাওয়া শেয়ারহোল্ডারদের অধিকার। যেসব কোম্পানি এ অধিকারের প্রতি সম্মান দেখাবে না, তাদের বিরুদ্ধে কমিশনের কঠোর ব্যবস্থা নেবে।
- বিষয় :
- শেয়ারবাজার