ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আইজিপির সঙ্গে বৈঠক

শিল্পাঞ্চলে পুলিশের আরও কার্যকর ভূমিকা চায় ঢাকা চেম্বার

শিল্পাঞ্চলে পুলিশের আরও কার্যকর ভূমিকা চায় ঢাকা চেম্বার
×
×

আইজিপির সঙ্গে ঢাকা চেম্বারের প্রতিনিধিদলের বৈঠক।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ | ১৯:৩৮

শ্রমিক অসন্তোষ ও রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এ পরিস্থিতিতে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বুধবার পুলিশ সদর দপ্তরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে আইজিপি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং বিশেষ করে শিল্পাঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখতে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বেসরকারি খাতসহ সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের আস্থা অর্জনে পুলিশ নিরলসভাবে কাজ করছে।

আলী হোসেন ফকির আরও বলেন, দেশের জনসংখ্যার তুলনায় পুলিশ সদস্যের সংখ্যা অপ্রতুল। এ বাহিনীর সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের সহযোগিতাও প্রয়োজন।

বৈঠকে ঢাকা চেম্বারের সভাপতি দেশের মহাসড়ক ও বাণিজ্যিক এলাকায় পণ্য পরিবহনে হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং এ বিষয়ে হটলাইন চালুর প্রস্তাব দেন। একই সঙ্গে শিল্প ও ব্যবসাপ্রধান এলাকায় নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান তিনি।

এ ছাড়া সাইবার নিরাপত্তা, আর্থিক জালিয়াতি প্রতিরোধ এবং ডিজিটাল লেনদেন ও ই-কমার্স খাতের সুরক্ষায় পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের আধুনিকায়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তাসকীন আহমেদ।

বৈঠকে ঢাকা চেম্বারের সহসভাপতি মো. সালিম সোলায়মানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×