ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বিজেএমসিকে ১০০ কোটি টাকা দিল অর্থ মন্ত্রণালয়

বিজেএমসিকে ১০০ কোটি টাকা দিল অর্থ মন্ত্রণালয়
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ১১:২১ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ | ১১:২৩

সরকারি পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধে পাটকল করপোরেশনকে (বিজেএমসি) ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

চলতি অর্থবছরের বাজেটে অর্থ বিভাগের 'অপ্রত্যাশিত ব্যয়' খাত থেকে ঋণ হিসেবে এ অর্থ দেওয়া হয়েছে। শুধু বকেয়া পরিশোধেই অর্থ ব্যয়ের জন্যই বেশ কিছু শর্তসহ এটা দেওয়া হয়েছে।

গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চার মাসের বকেয়া পরিশোধে এ অর্থ ব্যয় করা হবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় এবং বিজেএমসির মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের অন্য শর্তগুলো হচ্ছে, ছাড় করা অর্থ সুনির্দিষ্ট ব্যাংকের অ্যাকাউন্টপেয়ি চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে। পরিশোধের সাত দিনের মধ্যে মিলভিত্তিক কর্মচারী ও শ্রমিকদের তালিকাসহ বিস্তারিত ব্যয় বিবরণী অর্থ বিভাগে জমা দিতে হবে। এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান অনুসরণ করতে হবে। বিধিবহির্ভূতভাবে কোনো অর্থ পরিশোধ করা হলে বিজেএমসিকে দায়ী করা হবে।

অর্থ মন্ত্রণালয় এবং বিজেএমসির মধ্যে সমঝোতা চুক্তিতে ঋণের শর্তে বলা হয়েছে, পাঁচ বছরের ছাড়সহ ৫ শতাংশ সুদে আগামী ২০ বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ করা যাবে ছয় মাসের কিস্তিতে।

মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আন্দোলন করছেন সারাদেশে সরকারি পাটকলগুলোর শ্রমিকরা। কয়েক দিন ধরে ভুখা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করছেন তারা। মঙ্গলবারও ঢাকাসহ বিভিন্ন কারখানায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি ঘোষণা করার কথা জানিয়েছেন শ্রমিক নেতারা।

আরও পড়ুন

×