ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ম্যানচেস্টার গেল ‌‘সোনার তরী’

ম্যানচেস্টার গেল ‌‘সোনার তরী’
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০ | ০৯:২৪

২০১২ সালের সেপ্টেম্বরে উড়োজাহাজ স্বল্পতার কারণে বন্ধ হওয়া ঢাকা-ম্যানচেস্টার রুট আবার চালু হলো।

রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ‘সোনার তরী’ বাণিজ্যিকভাবে এই রুটে যাত্রী পরিবহন শুরু করল। দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৬৯ যাত্রী নিয়ে ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে গেছে উড়োজাহাজটি।

প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এ ফ্লাইটের উদ্বোধন করেন। সকালে উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টা ও দিকনির্দেশনায় বিমানের বহরে বাড়ছে নতুন নতুন উড়োজাহাজ ও রুট। দিন দিন বাড়ছে যাত্রীসেবার মানও।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক বলেন, এক সময় বিমানে রুট বন্ধ হতে থাকে। আমরা নতুন নতুন রুট চালু করছি। বিমানে মুনাফাও বাড়ছে। ম্যানচেস্টার রুট চালু হলো। আগামীতে নিউইয়র্ক ও টরন্টো রুটেও বিমানের ফ্লাইট চালু করার পরিকল্পনা রয়েছে। বিমান কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা-ম্যানচেস্টার রুটে সপ্তাহে তিন দিন রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালিত হবে। এটি বিমানের ১৭তম রুট। ২০১২ সালের সেপ্টেম্বরে উড়োজাহাজ স্বল্পতার কারণে অস্থায়ীভাবে এ রুটটি বন্ধ রাখা হয়েছিল।

তিনি বলেন, সোনার তরীতে আসন সংখ্যা ২৯৮টি। এ উড়োজাহাজে ৩০টি বিজনেস ক্লাস, ২১টি প্রিমিয়াম ইকোনমি ক্লাস এবং ২৪৭টি ইকোনমি ক্লাস রয়েছে।

তিনি আরও জানান, বিমান বহরে বর্তমানে ছয়টি ড্রিমলাইনারসহ মোট ১৮টি উড়োজাহাজ রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক সিইও মো. মোকাব্বির হোসেন, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর মো. খালিদ হোসেন, সদস্য (নিরাপত্তা) মো. শহীদুজ্জামান ফারুকী, সদস্য (এটিএম) গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খানসহ বিমান ও বেবিচকের পদস্থ কর্মকর্তারা।

আরও পড়ুন

×