ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

দেশের সেরা ব্র্যান্ডগুলোকে সম্মাননা

দেশের সেরা ব্র্যান্ডগুলোকে সম্মাননা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১ | ০৬:১১ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ | ০৬:১২

দেশের খ্যাতনামা ব্র্যান্ডগুলোকে উৎসাহ ও স্বীকৃতি দিতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৩তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এ অনুষ্ঠান হয়। 

নিয়েলসেন আইকিউয়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। সহযোগিতায় ছিল ইংরেজি দৈনিক ডেইলি স্টার। 

গত ১৩ বছর ধরে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ধারাবাহিকভাবে এই অ্যাওয়ার্ডের আয়োজন করে আসছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড আয়োজনের উদ্দেশ্য দেশের ব্র্যান্ডগুলোর সাফল্য উদযাপন করে তাদের স্বীকৃতি দেওয়া। কেননা এসব ব্র্যান্ড কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের লক্ষ্য অর্জন করেছে। এবছর ৩৫টি স্বতন্ত্র ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ড নির্বাচন করা হয়েছে। একই সঙ্গে ১৫টি শীর্ষ ব্র্যান্ডকে আওয়ার্ড দেওয়া হয়। এছাড়া ৩৫টি ক্যাটাগরিতে ১০২টি ব্র্যান্ডকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মধ্যে দেশসেরা ব্র্যান্ডে হয়েছে বিকাশ। এরপরেই আছে ইস্পাহানি মির্জাপুর চা। তৃতীয় অবস্থানে রয়েছে স্কোয়ারের রাঁধুনী ব্র্যান্ড।

নিয়েলসেন-এর হাত ধরে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের যাত্রা শুরু হয় ২০০৮ সালে। বৈশ্বিক মডেলকে অনুসরণ করে জরিপের মাধ্যমে ৮ হাজার ক্রেতার প্রত্যক্ষ মতামত নিয়ে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, বাংলাদেশের স্থানীয় ব্র্যান্ডগুলোকে বিকশিত ও আরও শক্তিশালী করতে ক্রেতার মানসিকতা ও তাদের অভিরুচি বুঝতে হবে। একই সঙ্গে বিশ্বের সঙ্গে তালমিলিয়ে সপ্রতিভ হওয়া উচিত। এজন্য আমাদের সাংস্কৃতিক পরিমন্ডলে প্রতিটি ব্র্যান্ডের অন্তঃস্থলে বাংলাদেশকে থাকতে হবে। তবেই ব্র্যান্ডগুলো টেকসই হবে।

অনুষ্ঠানে নিয়েলসেন বাংলাদেশের কমার্শিয়াল লিডার খোন্দকার সামিনা আফরিন বেস্ট ব্র্যান্ড আওয়ার্ডের উদ্দেশ্য এবং কীভাবে প্রতিযোগিতার মাধ্যমে বেস্ট ব্র্যান্ড নির্বাচন করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানান।

আরও পড়ুন

×