চিঠিপত্র
নুরুজ্জামান
--
প্রকাশ: ০৮ মার্চ ২০২০ | ১৫:২৫
বর্ষা মৌসুমে সড়কের খনন কাজ নয়
প্রতি বছর বর্ষার শুরুতে সারাদেশে সড়কের খনন কাজ-মেরামতের ধুম পড়ে যায়। বিশেষ করে, ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় এই প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে নগরবাসীকে পড়তে হয় সীমাহীন দুর্ভোগে। বৃষ্টির পানিতে বিভিন্ন গর্ত ভরাট হওয়ার ফলে রিকশা ও অন্যান্য যানবাহন এমনকি সাধারণ পথচারীরা দুর্ঘটনার শিকার হন। বর্ষা মৌসুমে এমনিতেই নগরবাসীর দুর্ভোগের অন্ত নেই। সড়কের ড্রেনেজ ব্যবস্থা বিকল হয়ে যায়। সামান্য বৃষ্টিতেই ঢাকা হয়ে যায় নদীর শহর! সিটি করপোরেশন যেন সংস্কার কাজে নিয়োজিত প্রতিষ্ঠানকে নির্ধারিত একটা সময় বেঁধে দেয় এবং সেই সময়ের মধ্যে যেন কাজ শেষ করে। সুস্থ-সুন্দর নগরী বিনির্মাণ ও নগরবাসীর দুর্ভোগ লাঘবে সিটি করপোরেশনকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
হাবিব, মগবাজার, ঢাকা
টিফিন ভাতা বাড়ানো হোক
জাতীয় বেতন স্কেলের ১১ থেকে ২০ গ্রেডভুক্ত চাকরিজীবীদের মাসিক টিফিন ভাতার পরিমাণ ২০০ টাকা। সেই হিসাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার লাখেরও বেশি শিক্ষকের মাসিক টিফিন ভাতার পরিমাণ ২০০ টাকা। এটা যে কত বড় বৈষম্য, তা বলার অপেক্ষা রাখে না। প্রতি মাসের ২৫ দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কর্মস্থলে অবস্থান করা একজন শিক্ষকের প্রতিদিনের টিফিন ভাতা ৮ টাকা! বর্তমান বাজারে এককাপ চায়ের দাম যেখানে ৫ থেকে ৬ টাকা, সেখানে এই অমানবিক ও লজ্জাকর টিফিন ভাতার পরিমাণ নিশ্চিতভাবেই কৌতুক মাত্র। বর্তমান বাজার ব্যবস্থাপনার সঙ্গে সমন্বয়পূর্বক ১১ থেকে ২০ গ্রেডের সব কর্মচারীর টিফিন ভাতার পরিমাণ সম্মানজনক করার ব্যাপারে কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করছি।
আবু ফারুক সদর, বান্দরবান
কয়লা চুরিতে জড়িতদের শাস্তি হোক
দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনি থেকে ২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত সাত লাখ টন কয়লার হদিস নেই! এর মধ্যে এক লাখ ৬১ হাজার টন সিস্টেম লস বা প্রথাগত লোকসান ধরা হয়েছে। বাকি ৫ লাখ ৪৮ হাজার টন কয়লা চুরি বা আত্মসাৎ হয়েছে, যার বর্তমান বাজারমূল্য ৯২৭ কোটি টাকা। এ ঘটনায় বড়পুকুরিয়া কয়লা খনি কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ১৯ কর্মকর্তার বিরুদ্ধে মামলাও করা হয় সে সময়। পরে বিসিএমসিএলের সাবেক সাত ব্যবস্থাপনা পরিচালকসহ ২৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদক অভিযোগপত্র জমা দেয়। ঘটনার সঙ্গে সম্পৃক্তরা যাতে ছাড়া না পায়, সে ব্যাপারে সরকারকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।
মেনহাজুল ইসলাম তারেক
পার্বতীপুর, দিনাজপুর
- বিষয় :
- চিঠিপত্র
