ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বর্ষা আসে রিমঝিম বৃষ্টির গানে

বর্ষা আসে রিমঝিম বৃষ্টির গানে
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ০৭:২৭

| প্রিন্ট সংস্করণ

মেঘের মাঝে আলো
আব্দুল্লাহ নেওয়াজ

অন্ধকারে হাতড়ে ফেরে,
আলোর খোঁজে মন।
ভাঙা গড়ায় জীবন তার,
তবু স্বপ্ন উন্মোচন।

আগুন নেভে, ঝড় থমকায়,
অদম্য তার গতি।
আজ যা ছোট, কাল তা বিশাল,
তার ভেতর মহাশক্তি।

মানুষ তার স্বপ্নের থেকেও বড়,
মেঘের মাঝে খোঁজে আলো
 

নির্দোষী স্বপ্নরা
মুহাম্মদ রফিক ইসলাম

আকাশের ছাদে অযুত নক্ষত্র জ্বলে
জোছনার রোদে পুড়ে যুবতী চাঁদ
নুইয়ে পড়ে বৃক্ষের পাতা, সবুজ ঘাস

চোখবন্ধি স্বপ্ন জানে না পাতার দুঃখ
পালকের খাঁজে জমে বেদনার জল
বুক ভিজে কলিজা পুড়ে ঝুলে
থাকে মানুষ ভাঙনের দেয়ালে

রাত গড়িয়ে গেলে নৈঃশব্দ্যে বনের
দিকে হেঁটে চলে ডাহুক ভাঙা ভাঙা
কষ্টের দাগগুলো পড়ে থাকে শুকনো
পাতা চেয়ে থাকে নিশ্চুপ–
ভোরের আলোয় মুছে যায় রাতের চিতা,
তবুও ভাঙনের দেয়ালে দীর্ঘশ্বাস বাড়ে;
নির্দোষী স্বপ্নরা ডানা ঝাপটায় খাঁচায়,
কেউ জানে না, তারা কার জন্য কেঁদে মরে!

 

গল্পের শেষ পাতা 
ইশরাত জাহান 

পুরোনো খাতার জীর্ণ কোণে,
ধুলো জমা এক স্বপ্ন বুনে।

শব্দেরা সব থমকে দাঁড়ায়,
গল্পের শেষ পাতার মায়ায়।

​অল্প আলোয় ঝাপসা লেখা,
চরিত্রদের নেই তো দেখা।

মুছে গেছে সব সুখ-দুঃখের দাগ,
মিথ্যে প্রেমের মিথ্যে সোহাগ।

​কালির আঁচড় ফিকে হলো,
কথারা সব নীরব হলো।

বইটা এবার বন্ধ হবে,
নতুন দিনের অপেক্ষায় রবে।

সময় নদীর স্রোতে ভেসে,
গল্প লুকায় নিজের বেশে।

পুরোনো পাতা উল্টে দিয়ে,
আসব আবার নতুন হয়ে।

 

রিমঝিম বৃষ্টি
জহিরুল হক বিদ্যুৎ

ধূসর আকাশে কালো মেঘের কাজল,
ধরণির সেই প্রতীক্ষিত অভিষেক ঘিরে
বর্ষা নেমে আসে রিমঝিম বৃষ্টির গানে,
জলধারার এক মায়াবী রূপকথা হয়ে।

বনের গভীরে শুরু হয় উৎসব–
কদম ফুলের ঝালরে বৃষ্টিভেজা হিন্দোল।
জবা আর কামিনী ফুলেরা
বৃষ্টি গায়ে মেখে লজ্জারাঙা হয়;
বাতাস ভারী হয়ে ওঠে এক অদ্ভুত ঘ্রাণে।

পাখিদের গানে আজ এক অন্য সুর,
বৃষ্টিতে ভিজে ডানা ঝাপটিয়ে
ওরা গাছের ডালে ডালে আশ্রয় খোঁজে।

বর্ষা আসে, ধুয়ে দেয় জীবনের গ্লানি,
মুছে দেয় অহংকারের ধূসর চিহ্ন;
প্রকৃতিকে সাজিয়ে তোলে এক বিশুদ্ধ,
নবীন সবুজ কুমারীর অপরূপ বেশে।

 

ভালোবাসার অনুষঙ্গ 
আসাদুজ্জামান আসাদ

ভালোবাসার কাগজ-কলম 
আর অনুভূতিতে লিখি প্রেমের মহাকাব্য
যে কাব্যে থাকে শব্দের মহাসাগর
বিচিত্র ছন্দের জাদু, দৃষ্টিতে ভাসে কথা 
আমার কাব্যে ভাসে মানুষ-অমানুষের পার্থক্য 
মানবতার শক্তি, মনুষ্যত্ববোধ 
স্বপ্নের চিত্রকল্প, উপমা, অনুরাগ-অনুপাসে 
প্রজাপতির রঙিন ডানার ন্যায় 
সাজাই কাব্যের অলংকার
আমি আল্পনা আঁকি, সবুজ ভূমি
প্রতিচ্ছবিতে ভাসে, আমার কাব্যমালা।
 

 

মুভ অন
ইসতিয়াক আহমেদ হৃদয় 

আমরা আর একসঙ্গে থাকি না–
এই খবরটা এতদিন নিশ্চয় রমনা পার্ক পেয়ে গেছে। 
পেয়ে গেছে ইন্দিরা রোড, বিজয় সরণির জ্যাম। 
আমরা আর একসঙ্গে থাকি না–
এই খবরটা এতদিনে নিশ্চয় জেনে গেছে
টিএসসির বারান্দা। জেনে গেছে পরীবাগ,
আজিমপুরের ফুটপাত।
একদিন একা দাঁড়ালাম মিরপুরের মাজার রোডে।
পথটা কেঁদে-কেঁপে উঠে জিজ্ঞেস করল–
একা কেন? আমি তাকে বললাম,
কবরের পথে কেউ খুব বেশি দিন থাকে না।
রক্তে মিশে যাওয়া এক নারীকে কোনো
মৃত্যুই ভুলতে পারে না; 
এসব মূলত পৃথিবীর বিষণ্নতার ঘোষণা।
 

আরও পড়ুন

×