কৃষকের আঙিনায় সুহৃদের গাছ
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কৃষকের বাড়িতে গিয়ে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন সুহৃদরা
খাদিজা আক্তার
প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ০৭:২৮
| প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামে ব্যতিক্রমী এক উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের আঙিনায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছে সমকাল সুহৃদ সমাবেশ। সম্প্রতি শহরের ত্রিমোহনী এলাকায় এই পরিবেশবান্ধব ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়ন বাড়ানোর পাশাপাশি দরিদ্র পরিবারগুলোর পুষ্টির চাহিদা ও দীর্ঘমেয়াদি আর্থিক সহায়তার কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়। সুহৃদরা শুধু চারা বিতরণ করেই ক্ষান্ত হননি, বরং প্রতিটি পরিবারের খালি জায়গায় নিজ হাতে এসব গাছ রোপণ করে দেন।
কর্মসূচিতে যুক্ত হন সুহৃদ মার্জিয়া মেধা, খাদিজা আক্তার পাখি, জোবায়ের হাসান, সাবিহা কবির, জুঁই আক্তার, তানজির ত্বহাসহ অন্য সদস্যরা।
বিনামূল্যে বাড়ির আঙিনায় গাছের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় সুবিধাভোগী আমেনা বেগম। তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ, অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করি। বাজার থেকে ভালো জাতের গাছ কেনার সামর্থ্য আমাদের নেই। সুহৃদরা আমাদের বাড়ির আঙিনায় যত্ন করে গাছ লাগিয়ে দিয়ে গেছে। এ গাছগুলো বড় হলে আমাদের অনেক উপকার হবে, আমরা খুবই আনন্দিত।’
গাছগুলোর দীর্ঘমেয়াদি পরিচর্যা ও সুরক্ষার বিষয়ে সুহৃদ সমাবেশের সদস্য মার্জিয়া মেধা বলেন, ‘বৃক্ষ শুধু এককালীন বিতরণ বা রোপণ করলেই প্রকৃত দায়িত্ব শেষ হয় না। চারাগুলো টিকিয়ে রাখার জন্য নিয়মিত পরিচর্যা ও তদারকি সবচেয়ে জরুরি। আমরা দরিদ্র পরিবারের আঙিনায় গাছগুলো এই উদ্দেশ্যে রোপণ করেছি, যাতে বাড়ির বাসিন্দারা নিজেরাই এর নিয়মিত যত্ন নিতে এবং ভবিষ্যতে এর সুফল সরাসরি ভোগ করতে পারেন। এ ছাড়া বিভিন্ন
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষ রোপণের পরিকল্পনা করছি।
সুহৃদরা কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত সভা করেন। সভায় সুহৃদরা জলবায়ু সংকট মোকাবিলা করে একটি সবুজ ও সুশীতল বাংলাদেশ গড়ে তুলতে নিয়মিত বৃক্ষরোপণের পাশাপাশি এ ধরনের পরিবেশবান্ধব ও সামাজিক কর্মসূচি আগামীতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সুহৃদ, কুড়িগ্রাম
- বিষয় :
- সুহৃদ সমাবেশ
