ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ভুল পূর্বাভাস দিয়ে নেইমারের খোঁচা খেলেন জার্মান অর্থনীতিবিদ

ভুল পূর্বাভাস দিয়ে নেইমারের খোঁচা খেলেন জার্মান অর্থনীতিবিদ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ০৭:১৯

জাপানকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। চোট থেকে পুরোপুরি ফিট না হওয়ায় এই ম্যাচে মাঠে নামতে পারেননি নেইমার জুনিয়র। তবে মাঠের বাইরে থাকলেও দলের জয় নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক জার্মান অর্থনীতিবিদকে খোঁচা দিতে ভোলেননি সেলেসাওদের এই পোস্টার বয়।

সোমবার নকআউট পর্বের শেষ ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে ব্রাজিল পরের রাউন্ডের টিকিট কাটে। ম্যাচ শেষ হতেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেন নেইমার। তিনি লেখেন, ‘জনাব জোয়াখিম ক্লেমেন্ট… পরের বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।’

নেইমারের এই খোঁচা মূলত জার্মান অর্থনীতিবিদ জোয়াখিম ক্লেমেন্টকে উদ্দেশ্য করে। বিভিন্ন পরিসংখ্যান ও গাণিতিক মডেল ব্যবহার করে ফুটবল বিশ্বকাপের ফলাফল নিয়ে আগাম পূর্বাভাস দেওয়ার জন্য ক্লেমেন্ট বেশ পরিচিত। ২০২৬ বিশ্বকাপ নিয়ে তার সর্বশেষ বিশ্লেষণে তিনি দাবি করেছিলেন, শেষ ৩২-এর লড়াইয়ে জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল। কিন্তু মাঠের লড়াইয়ে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে ক্লেমেন্টের সেই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করে সেলেসাওরা। আর তাতেই বেশ চটেছিলেন নেইমার।

ক্লেমেন্ট এর আগে ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বজয়ের সঠিক পূর্বাভাস দিয়ে ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন। তবে এবার ব্রাজিলের বিদায় নিয়ে তার করা ভবিষ্যৎবাণী মাঠের ফলে উল্টো প্রমাণিত হলো।

ক্লেমেন্টের গাণিতিক মডেল অনুযায়ী ২০২৬ বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন দল নেদারল্যান্ডস। দেশের জনসংখ্যা, ফুটবলের জনপ্রিয়তা, ফিফা র‍্যাংকিং, জিডিপি, ক্রীড়া অবকাঠামো এবং ভাগ্যের প্রভাব- এই বিষয়গুলো বিশ্লেষণ করে তিনি ডাচদের ট্রফি জয়ের পক্ষে রায় দিয়েছেন। এখন দেখার বিষয় নেদারল্যান্ডসকে নিয়ে করা তার এই দাবি কতটুকু সত্যি হয়।

আরও পড়ুন

×