মাউশির নির্দেশনা
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে কঠোর ব্যবস্থা
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ মে ২০২৬ | ২১:৪৮
দেশের সরকারি অনুদানপ্রাপ্ত ও শিক্ষাবোর্ডের অধিভুক্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন বা টিউশন ফি আদায় করতে পারবে না। কোনো প্রতিষ্ঠান এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রোববার মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ববর্তী নির্দেশনা অনুযায়ী মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থী বিনা বেতনে শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ পাবে। সরকারি অনুদানপ্রাপ্ত এবং শিক্ষাবোর্ডের অধিভুক্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এসব শিক্ষার্থীর কাছ থেকে মাসিক বেতন বা টিউশন ফি আদায় করতে পারবে না। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন আদায় করলে তা বিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
