মহাকাশের রহস্য জানার প্রতিযোগিতায় ভিকারুননিসার বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীরা
তৃতীয় আন্তঃঅ্যাস্ট্রোনমিক্যাল অ্যাপোজির উদ্বোধন
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে তৃতীয় আন্তঃঅ্যাস্ট্রোনমিক্যাল অ্যাপোজি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:০৩
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে তৃতীয় আন্তঃঅ্যাস্ট্রোনমিক্যাল অ্যাপোজি। তিন দিনব্যাপী এ উৎসবের পর্দা উঠেছে বৃহস্পতিবার। চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। এর আয়োজনে রয়েছে ভিকারুননিসা নূন অ্যাস্ট্রোনমি ক্লাব (ভিএনএসি)। সমকাল এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে।
উৎসবকে কেন্দ্র করে বৃহস্পতিবা বিদ্যালয়টির নিয়মিত শ্রেণি পাঠদান বন্ধ রাখা হয়। দিনভর স্কুল প্রাঙ্গণে বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশবিজ্ঞান নিয়ে শিক্ষার্থীদের জ্ঞান, অনুসন্ধিৎসা, সৃজনশীলতা ও বৈজ্ঞানিক চিন্তাকে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন ভিকারুননিসা নূন অ্যাস্ট্রোনমি ক্লাবের পরিচালক সালমা আখতার। বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ নিয়ে বক্তব্য দেন ক্লাবের প্রেসিডেন্ট হৃদিতা রায়। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটির শিক্ষক প্রতিনিধি লায়লা নাসরিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। অনুষ্ঠানের সমাপনী ও সভাপতির বক্তব্য দেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম।
আয়োজকরা জানান, অ্যাস্ট্রোনমিকে শুধু পাঠ্যবইয়ের একটি বিষয় হিসেবে না দেখে পর্যবেক্ষণ, হিসাব, অনুসন্ধান, সৃজনশীলতা ও বাস্তব প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে তুলে ধরতেই এবারের আয়োজন। এবারের উৎসবের প্রতিপাদ্য– প্রযুক্তির মাধ্যমে মহাবিশ্বকে জানা এবং কৌতূহলকে ভবিষ্যতের জ্ঞান অনুসন্ধানের শক্তিতে রূপান্তর করা।
উৎসবে শিক্ষার্থীদের জন্য রয়েছে অ্যাস্ট্রো কুইজ, অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড, ফটোগ্রাফি প্রতিযোগিতা, স্ক্র্যাপবুক, প্রজেক্ট ডিসপ্লে, স্টার ম্যাপিং, চলচ্চিত্রভিত্তিক কুইজ, তাৎক্ষণিক বক্তৃতা, চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতা। এর মধ্যে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে জুনিয়র, সেকেন্ডারি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। ৩০ মিনিটের লিখিত পরীক্ষায় জ্যোতির্বিজ্ঞান-সংক্রান্ত ধারণা, বৈজ্ঞানিক তত্ত্ব এবং সেগুলোর প্রয়োগের সক্ষমতা যাচাই করা হবে।
অ্যাস্ট্রো কুইজে মহাকাশ, জ্যোতিষ্কীয় ঘটনা, মহাকাশ অভিযান, বৈজ্ঞানিক আবিষ্কার এবং পৃথিবীর বাইরের বিভিন্ন বিষয় নিয়ে দলীয় প্রতিযোগিতা হচ্ছে। অন্যদিকে ফটোগ্রাফি প্রতিযোগিতায় ডিএসএলআর বা মিররলেস ক্যামেরার পাশাপাশি মোবাইল ফোনে ধারণ করা মহাকাশ ও রাতের আকাশের ছবিও জমা দেওয়ার সুযোগ রয়েছে।