দেশে ফিরল কারিনার নিথর দেহ
বিমানবন্দরে কারিনার মরদেহ গ্রহণ করেন তার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। ছবি: ভিডিও থেকে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১৮:৩৫ | আপডেট: ১৭ মে ২০২৬ | ১৮:৪৩
লিভার-সংক্রান্ত জটিলতায় গুরুতর অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে ভারতে নেওয়া হয়েছিল। চেন্নাইয়ে সিএমসি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। পরিবার, সহকর্মী, ভক্তরা অপেক্ষায় ছিলেন সুস্থ হয়ে ফেরার খবরের। কিন্তু কারিনা দেশে ফিরলেন ঠিকই, তবে নিথর দেহ হয়ে।
জানা গেছে, কারিনাকে বহনকারী বিমানটি আজ বিকেল ৪টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ৫টা ২০ মিনিটে কারিনার মরদেহ গ্রহণ করেন তার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।
এর আগে কায়সার হামিদ জানান, আজ বাদ মাগরিব রাজধানীর বনানীর ডিওএইচএস মাঠে কারিনার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা হবে। রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে তার মরদেহ। সেখানে হবে তৃতীয় জানাজা। আগামীকাল সকাল ৭টায় মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে চতুর্থ জানাজা শেষে তাকে দাফন করা হবে।
পরিবারিরক সূত্রে জানা গেছে, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস-এ এবং ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। বেশ কয়েক দিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে কিছুদিন লাইফ সাপোর্টেও রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কারিনার মৃত্যু হয়।
- বিষয় :
- কারিনা কায়সার
- মারা গেছেন
- জানাজা
