ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

'নাটক ও সিনেমা বানানো এখন নেশায় পরিণত হয়েছে'

'নাটক ও সিনেমা বানানো এখন নেশায় পরিণত হয়েছে'
×

ফাইল ছবি

রাসেল আজাদ বিদ্যুৎ

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ২২:২৫

ফেরদৌস ওয়াহিদ। নন্দিত কণ্ঠশিল্পী, অভিনেতা ও নির্মাতা। এনটিভির সরাসরি গানের আয়োজন 'মিউজিক এন রিদম'-এ আজ গাইবেন তিনি। এ আয়োজন, বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-

'মিউজিক এন রিদম' অনুষ্ঠানে আজ কোন গানগুলো গাইবেন?

লাইভ অনুষ্ঠানে দর্শকের পছন্দের গানগুলোই গাইতে হয়। এ জন্য সত্তর ও আশির দশকের জনপ্রিয় কিছু গান আজ গাইব। ক্যারিয়ারের শুরুর দিকের গানগুলোর আবেদন এখনও দর্শক-শ্রোতার কাছে কমেনি। তাই 'মামনিয়া', 'এমন একটা মা দেনা'সহ আরও কিছু গান আছে, যেগুলো স্টেজ শো এবং রেডিও-টিভির বিভিন্ন আয়োজনে গাইতেই হয়। তবে জনপ্রিয় পপ গানগুলো ছাড়াও আজ ফোক এবং বিভিন্ন সিনেমার গানও গাওয়ার ইচ্ছা আছে। পপ, ফোক এবং সিনেমার গান- এভাবেই তিনটি ভাগে মিউজিক এন রিদমে গান গাওয়ার পরিকল্পনা করেছি।

হাবিবের সঙ্গে প্রথম কোনো দ্বৈত গান প্রকাশ করলেন। কেমন সাড়া পাচ্ছেন আপনাদের 'পাঞ্জা' গানটি নিয়ে?

অনেকের মতো পাঞ্জা গানটি যতটা ভালো লেগেছে, ঠিক ততটাই নতুন ধরনের মনে হয়েছে তাদের কাছে। আমিও খেয়াল করে দেখেছি, কথা-সুরের তর্কবিতর্ক নিয়ে সাম্প্র্র্রতিক সময়ে কোনো গান তৈরি হয়নি। ভিন্ন ধরনের কিছু করতে সবসময় ভালো লাগে। এর চেয়ে বড় কথা, দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম বাবা ও ছেলে কোনো দ্বৈত গান গাইলাম, যা অনেকের ভালো লেগেছে।

শুনলাম, একসঙ্গে ২২টি গানের কাজ শুরু করেছেন?

ঠিকই শুনেছেন। এরই মধ্যে ১১টি গানের কাজ শেষ করেছি। বাকি ১১টি গানের কাজ এ বছরের মধ্যেই শেষ হবে। গানগুলো একে একে প্রকাশ করার পর সংগীত ক্যারিয়ারের ইতি টানার পরিকল্পনা করেছি। বছরের শেষ প্রান্তে শিল্পী জীবনের অবসরের ঘোষণা দেব।

বর্ণাঢ্য সংগীত জীবন আপনার। তারপরও শিল্পী জীবন থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন কেন?

অনেক চিন্তাভাবনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই না, আমার অবস্থা সেই শিল্পীদের মতো হোক, যাদের কাছে শ্রোতারা নতুন কিছু প্রত্যাশা করেন না। তাই জনপ্রিয়তা থাকাবস্থায়ই অবসরে যেতে চাই। শিল্পী হিসেবে যতদিন গাইব, ততদিন বাঘের বাচ্চার মতো থাকব- এটাই আমার চাওয়া।

অভিনয় এবং নাটক-চলচ্চিত্র নির্মাণ বিষয়ে কিছু ভাবছেন?

শুধু ভাবছি না, কাজও শুরু করেছি। নাটক ও সিনেমা বানানো এখন নেশায় পরিণত হয়েছে। সে নেশা থেকেই 'নিলাম' ও 'ইছামতী' নামের দুটি সিনেমা এবং একটি ওয়েব সিরিজ নির্মাণ করছি। নতুন শিল্পীদের পাশাপাশি সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করছি।

আরও পড়ুন

×