ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

চূড়ান্ত হয়নি ভালোবাসা দিবসের ছবি

চূড়ান্ত হয়নি ভালোবাসা দিবসের ছবি
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:৫০ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:৫৬

নতুন বছরের দ্বিতীয় মাস শুরু হয়েছে। প্রথম মাসে মুক্তি পেয়েছে মাত্র দুটি ছবি। একটি ‘কাঠবিড়ালী’ অন্যটি ‘জয় নগরের জমিদার’। এর মধ্যে একটি প্রশংসিত হলেও অন্যটি মানহীন ছবি হিসেবে সমালোচিত। 

তবে প্রতি বছর ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি মুক্তির দৌড়ে একাধিক ছবি তালিকায় থাকে। আছে এবারও। কিন্তু ভালোবাসা দিবসের মাত্র দুই সপ্তাহ বাকি থাকলেও এখনও চূড়ান্ত হয়নি কোন ছবি।

যদিও বছর শুরুতে ‘পরাণ’, ‘জ্বীন’ ও ‘মন দেব মন নেব’ ছবি তিনটি মুক্তির আওয়াজ দিয়েছিলো। সে আওয়াজ স্তিমিত হয়ে আছে এখন। এর মধ্যে ‘পরান’ রায়হান রাফি, ‘জ্বীন’ নাদের চৌধুরী ও ‘মন দেব মন নেব’ পরিচালনা করেছেন রবিন খান। ভালোবাসা ছবিগুলো মুক্তি পাচ্ছে কিনা সেটা নিশ্চিত করে বলতে পারেনি তিন পরিচালকের কেউ। তবে শুধু ‘পরাণ’ ভালোবাসা দিবসে মুক্তির কথা  প্রায় নিশ্চিত করেই জানিয়েছেন পরিচালক রায়হান রাফি। 

অন্যদিকে ভালোবাসা দিবসে মুক্তি তালিকায় নতুন করে আওয়াজ তুলেছে শাকিব-বুবলী অভিনীত কাজী হায়াতের ‘বীর’। ছবিটি শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নির্মিত হয়েছে। সব ঠিক থাকলেও ছবিটি ভালোবাসা দিবসে মুক্তি দেয়ার কথা জানিয়েছেন শাকিব খান। তিনি বলেন, ‘বীর ছবির কাজ শেষ হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই সেন্সরে যাবে। ফেব্রুয়ারি মাসেই ছবিটি মুক্তি পাবে। সেটা ভালোবাসা দিবসেও হতে পারে।’

অন্যদিকে নিরব ও কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে রফিক শিকদার নির্মাণ করেছেন ‘হৃদয় জুড়ে’ ছবিটি। ছবিটির প্রযোজক মনির হোসেন যুবরাজ জানিয়েছেন, হৃদয় জুড়ে ভালোবাসার গল্পের ছবি। তাই আমরা চেষ্টা করছি ভালোবাসা দিবসে মুক্তি দিতে। তবে তারিখটা এখনও নিশ্চিত করতে পারছিনা।’

ছবি মুক্তির আগে প্রচারণার জন্য বেশ সময় লাগে। অথচ ভালোবাসা দিবসে ছবি মুক্তির আওয়াজ তুললেও কোন ছবিই এখনও চূড়ান্ত নয় বলে প্রচারণাও চোখে পড়ছেনা। তাই শেষ পর্যন্ত ভালোবাসা দিবসে কোন ছবি মুক্তি পায় সেটা নিয়েও তৈরি হয়েছে ধুয়াশা। 

 

আরও পড়ুন

×