ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

হয়তো 'বীর' আমার শেষ ছবি, বলেই কাঁদলেন কাজী হায়াৎ

হয়তো 'বীর' আমার শেষ ছবি, বলেই কাঁদলেন কাজী হায়াৎ
×

অনুষ্ঠানে বক্তব্য দেন নির্মাতা কাজী হায়াৎ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০ | ১৩:৫৪ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ | ১৪:০৫

"কতদিন বাঁচবো জানি না। তবে হয়তো 'বীর' আমার শেষ ছবি। শাকিব তার টাকার ছবিতে আমাকে কাজের সুযোগ দিয়েছে এজন্য আমি তার কাছে কৃতজ্ঞ।" কথাগুলো বলেই কেঁদে ফেললেন কাজী হায়াৎ।  

বার্ধক্যজনিত রোগে ভীষণ অসুস্থ ছিলেন কাজী হায়াৎ। কিংবদন্তি এ নির্মাতা ওই সময়ে ভাবেননি তিনি সুস্থ হয়ে আবার সিনেমা নির্মাণের সুযোগ পাবেন! প্রায় ছ'মাস নিউইয়র্কে চিকিৎসা নিয়ে কাজী হায়াৎ সুস্থ হয়ে আবার সিনেমা নির্মাণের সুযোগ পেয়েছেন। তাকে এ সুযোগ দিয়েছেন দেশ সেরা নায়ক শাকিব খান। তার প্রযোজিত তৃতীয় সিনেমা 'বীর' নির্মাণের মাধ্যমে ক্যারিয়ারে নির্মাতা হিসেবে হাফ সেঞ্চুরি করলেন কাজী হায়াৎ। 

একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এ নির্মাতার 'বীর' মুক্তি পেতে যাচ্ছে ১৪ ফেব্রুয়ারি। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে কাজী হায়াৎ আবেগপ্রবণ হয়ে পড়েন।

'দাঙ্গা', 'আম্মাজানে'র মতো ছবি নির্মাণ করে ব্যাপকভাবে সমাদৃত হওয়া এ নির্মাতা বলেন, '১৯৭৮ সালে আমার নির্মিত প্রথম ছবি মুক্তি পেয়েছিল। দীর্ঘপথ অতিক্রম করে আমার ৫০তম ছবি 'বীর' মুক্তি পেতে যাচ্ছে। পুরো জার্নিতে আমি কষ্ট যেমন পেয়েছি, আনন্দও তেমন পেয়েছি। নিউইয়র্কে যখন চিকিৎসাধীন ছিলাম, আমার মৃত্যু গুজব ছড়িয়েছিল। তখন আমি পৌনে এক ঘণ্টা ছিলাম মৃতপ্রায়।'

তিনি বলেন, "সেই অবস্থা থেকে ফিরে এসে আবার সিনেমা করতে পারবো কখনোই ভাবিনি। এই ছবি করতে গিয়ে আমি অনেকের প্রতি রাগান্বিত হয়েছি, বকা দিয়েছি; প্রত্যেকের কাছে ক্ষমা চাচ্ছি। কারণ, 'বীরে'র পর আবার অ্যাকশন-কাট বলে ছবি নির্মাণ করতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। এখানেই হতে পারে সমাপ্তি!"

কাজী হায়াৎ বলেন, 'বীর' নির্মাণে প্রযোজক হিসেবে শাকিব কার্পণ্য করেনি। সে যেমন ভালো অভিনেতা, নায়ক তেমনি একজন পেশাদার প্রযোজক। তার জন্য অনেক দোয়া থাকলো।

প্রায় ৮০ টির মতো হলে ১৪ ফেব্রুয়ারি 'বীর' মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, চিত্রনায়ক ফারুক, আলমগীর, চিত্রনায়ক শাকিব খান, মিশা সওদাগর, ইমন, নিরব, নাদিম, সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজার, খোরশেদ আলম খসরু, মালেক আফসারীসহ প্রমুখ।

বক্তব্য প্রদানের সময় ফারুক, আলমগীর, তথ্যমন্ত্রী প্রত্যেকেই মন্দার বাজারেও শাকিব খানের ভালো ছবির প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে প্রকৃত 'বীর' আখ্যায়িত করেন।

আরও পড়ুন

×