ভয়ংকর সব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি: নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০০:২৪ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০০:৪০
নুসরাত ফারিয়া। মডেল ও অভিনেত্রী। বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। সিনেমা ও অন্যান্য বিষয়ে কথা হলো তার সঙ্গে-
'অপারেশন সুন্দরবন' ছবির কিছু অংশের কাজ শেষ। সুন্দরবনে শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল?
ছবিটির শুটিং সুন্দরবন, সমুদ্র ও পোর্ট এরিয়াগুলোয় হয়েছে। তবে সুন্দরবনে ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। কাদা, মাটি, বন- সব মিলিয়ে শুটিং করা ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং। তবে আমরা পুরো টিম এক হয়ে কাজ করেছি। তাই এসব চ্যালেঞ্জ ভালোভাবেই উতরে যেতে পেরেছি।
সিনেমার প্রেক্ষাপট কী নিয়ে?
সুন্দরবনে একসময় জলদস্যুদের অবাধ বিচরণ ছিল, ফলে এ জায়গাটি নিয়ে সাধারণ মানুষের ভয় ছিল। সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে ও মধু সংগ্রহ করতে পারত না। বর্তমানে সুন্দরবন দস্যুশূন্য। র্যাবের এই দুঃসাহসিক অভিযানকে উপজীব্য করেই ছবিটি নির্মিত হবে।
আপনার অভিনীত চরিত্রটি কেমন?
ছবিতে আমাকে বাঘ গবেষকের চরিত্রে দেখা যাবে। এ ধরনের চরিত্রে আগে কখনও কাজ করিনি। তবে চরিত্রের জন্য আমাকে বাঘ গবেষক হিসেবে বিভিন্ন বিষয় জানতে হয়েছিল। এ জন্য ইন্টারনেটে অনেক ঘাঁটাঘাঁটি করতে হয়েছে।
কলকাতার 'ভয়' সিনেমার কাজ কতদূর এগোল?
'ভয়' সিনেমার কিছু অংশের কাজ বাকি আছে। সংলাপ অংশের শুটিং শেষ। ডাবিং ও গানের শুটিং বাকি। ছবিটির গল্প থ্রিলার ঘরানার। এটি পরিচালনা করছেন কলকাতার রাজা চন্দ। আমার বিপরীতে অভিনয় করছেন অঙ্কুশ হাজরা।
দর্শক হলবিমুখ। এ পরিস্থিতিতে আপনার অভিনীত সিনেমাগুলো নিয়ে কতটা আশাবাদী?
দর্শককে ভালো সিনেমা নিয়মিত উপহার দিতে হবে। তা না হলে দর্শক তো সিনেমা হলবিমুখ হবেই। তবে আমার বিশ্বাস, চলতি বছর বেশ কিছু ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। এসব সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেলে অবশ্যই দর্শক সিনেমা হলে ফিরবে।
'পটাকা'র পর নতুন গান নিয়ে কিছু ভাবছেন?
গান তো প্রস্তুত আছে। তবে এর জন্য আরও একটু সময় দরকার। আপাতত প্রযোজনা প্রতিষ্ঠানের নিষেধ আছে, এখন যেন এ বিষয়ে মুখ না খুলি। তবে এটা ঠিক, শিগগির আমার ভক্তদের জন্য দ্বিতীয় গানটি প্রকাশ করতে যাচ্ছি।
- বিষয় :
- নুসরাত ফারিয়া
- বিনোদন
