নুসরাতকে নিয়ে শাকিবের 'লন্ডন লাভ'
শাকিব খান ও নুসরাত জাহান
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০০:২৪ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০০:৩৬
নুসরাতকে নিয়ে কলকাতায় নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন শাকিব খান। ইফতেখার চৌধুরীর এ ছবিতে তার সঙ্গে আরও দু'জন অভিনেত্রীর অভিনয়ের কথা রয়েছে। শিগগিরই কলকাতায় নুসরাতের সঙ্গে শাকিব ছবিটি নিয়ে মিটিং করবেন বলে জানা গেছে। কারণ যুক্তরাজ্য, দুবাই ও বাংলাদেশে হবে এর শুটিং। বিষয়গুলো নিয়ে নায়ক-নায়িকার প্রস্তুতির বিষয় রয়েছে।
এ ছাড়া কলকাতার বেশ কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও মিটিংয়ে বসার কথা জানিয়েছেন শাকিব খান। বাংলাদেশে যারা এককভাবে প্রযোজনা করতে চান, তারা একই সঙ্গে শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মসের সঙ্গে বাংলাদেশি ছবিতে প্রযোজনা করবেন বলেও জানা গেছে। এ বিষয়ে শাকিব খান বলেন, 'কলকাতার অনেকেই আগ্রহ দেখাচ্ছেন। তাদের সঙ্গে কথা হচ্ছে আমার। দেখা যাক, কতটা কী হয়।'
প্রেমের গল্পের ওপর ভিত্তি করে চিত্রনাট্য তৈরি হয়েছে 'লন্ডন লাভ'-এর। এপ্রিলে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আর আসছে ঈদে এর মুক্তির বিষয়ে ভাবছেন নির্মাতা। এর মধ্যে ছবির গল্প লেখার কাজ শেষ করেছেন আবদুল্লাহ জহির বাবু। শিগগিরই শুরু হবে গান রেকর্ডিংয়ের কাজ।
এদিকে ভালোবাসা দিবস উপলক্ষে শাকিব খান অভিনীত বছরের প্রথম ছবি হিসেবে 'বীর' ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ৮০টি হলে মুক্তি পায় এটি। শাকিবের ছবি মুক্তি মানেই যেন উৎসবের আমেজ। হলে দর্শক সমাগম বেশি হওয়ায় হাসি ফুটে হল মালিকদের মুখেও। সারাবছর দর্শক খরায় থাকা হলগুলো তাই শাকিব অভিনীত ছবি মুক্তির দিকেই তাকিয়ে থাকে। সেইসঙ্গে ব্যবসায়িক মুনাফা। এমনটিই জানিয়েছেন হল মালিকরা। বরাবরের মতো এবার একই দৃশ্যপট চোখে পড়ল। হলে হলে দেখা গেল দর্শকদের উল্লাস। রাজধানী থেকে শুরু করে গ্রামেও।
এ প্রসঙ্গে শাকিব খান বলেন, 'বীর' ছবিটি নিয়ে ভক্তদের অনেক অপেক্ষা ছিল। অবশেষে তা মুক্তি পেল। আসলে এখনকার দর্শক যে ধরনের ছবি দেখতে চান, বীর সে রকমই একটি ছবি। ছবিটি নিয়ে যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়েছে। দর্শক সাড়ায়ও আমি অভিভূত। ভালো ছবির দর্শক সব সময়ই আছে- এটাই প্রমাণ হয়েছে। ছবিটি অনেক কারণেই বেশ আলোচিত। এটি গুণী নির্মাতা কাজী হায়াতের ৫০তম ছবি। অভিনয়শিল্পী থেকে শুরু করে সবাই চেষ্টা করেছেন ভালো কিছু দিতে।
- বিষয় :
- শাকিব খান
- কলকাতার নুসরাত
- বিনোদন
- লন্ডন লাভ
