সরকারি কর্মীদের মারধর করতে চাইলেন সানি দেওল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:৩৯ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:১৭
সরকারি কর্মকর্তাদের মারধরের হুমকি দিলেন বলিউড অভিনেতা ও বিজেপির বর্তমান সাংসদ সানি দেওল। অব্যশ এমন হুমকিতে সমালোচনারও শিকার হয়েছেন তিনি। সে সমালোচনা অবশ্য কংগ্রেসের পক্ষ থেকে। একজন অভিনেতাকে নেতা বানালে এই রকম হবে বলেই কটাক্ষ কংগ্রেসের।
জানা গেছে, পাঞ্জাবের পাঠানকোটে একটি জনসভায় গত শনিবার বক্তব্য রাখেন সানি দেওল। সেখানে হাজির ছিলেন পাঞ্জাবের গুরুদাসপুরের সাংসদ সানিও।
সেখানে দাঁড়িয়ে সানি দেওল বলেন, ‘বেশ কিছুদিন ধরে রাজ্য সরকারের কর্মচারীরা আমার এলাকার সাধারণ মানুষকে আমার বিরুদ্ধে উসকে দেওয়া চেষ্টা করছেন। সাধারণ মানুষকে হেনস্তা করছেন। বলছেন, আমাকে জিতিয়ে তাঁরা ভুল করেছেন। তবে এত তুচ্ছ বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। কারণ বিতর্কিত মন্তব্য করতে আমার ভাল লাগ না। এই পথে আমার বিশ্বাসও নেই। তবে কাউকে মারধরের বিষয় এলে আমার থেকে ভাল যে কেউ নেই এটা সবাই জানে।’
এই বক্তব্যে প্রকাশ্যে আসার পরই শুরু হয় সমালোচনা। অনেকে নিন্দাও জানান। স্থানীয় বোহা বিধানসভার কংগ্রেস বিধায়ক যোগিন্দার পাল সানি দেওলকে খোচা দিয়ে বলেন, ‘এতে সানি দেওলের কোনও দোষ নেই। কারণ রাজনীতির বিষয়ে উনি কিছু জানেন না। এটা বিজেপিরই দোষ। তবে আমি এটাও বুঝতে পারছি না কেন সানি দেওল আচমকা রাজনীতিতে যোগ দিলেন। আজকে তিনি যেমন নাচছেন আগে সিনেমাতেও সেই রকম নাচতেন।’
শনিবার থেকে মানুষের সমস্যা জানার জন্য পাঞ্জাবের বিভিন্ন জেলায় তিনদিনের সফরে বেরিয়েছেন সানি দেওল। শনিবার তার প্রথম জনসভাটি করেন পাঠানকোটে। সেখানকার জনগণের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলি জানার চেষ্টা করেন।
