কাজলের 'দেবী' নিয়ে অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২০ | ২৩:০২ | আপডেট: ০৮ মার্চ ২০২০ | ২৩:২৭
সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী কাজল অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'দেবী'। পরিচালক প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় নির্মিত তারকা খচিত ছবিটির দৈর্ঘ্য ১৩ মিনিট, যা মুক্তির ঘণ্টাখানেকের মধ্যেই ঝড় তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই স্বল্পদৈর্ঘ্য ছবি 'দেবী' নিয়ে এবার গল্প চুরির অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছেন নয়ডার এশিয়ান একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশনের ছাত্র অভিষেক রায়। তার অভিযোগ, দুই বছর আগে তিনি 'ফোর' নামে একটি সাড়ে পাঁচ মিনিটের শর্ট ফিল্ম তৈরি করেছিলেন। যে ছবির সঙ্গে নাকি হুবহু মিল রয়েছে 'দেবী'র।
প্রসঙ্গত, 'ফোর' ছবির বিষয়বস্তুও ছিল ধর্ষণ। সেখানে ভাওরিদেবী ধর্ষণকাণ্ড, নির্ভয়াকাণ্ড থেকে কাঠুয়া ধর্ষণকাণ্ডের আসিফার কথাও উঠে এসেছিল। প্রিয়াঙ্কার ১৩ মিনিটের এই ছবিতেও সেসব বিষয়ই তুলে ধরা হয়েছে। 'ফোর' নামে ওই শর্ট ফিল্ম মুক্তির পরই লার্জ শর্ট ফিল্মস ইউটিউবে প্রকাশ পেয়েছে কাজল, নেহা ধুপিয়া, শ্রুতি হাসানসহ একাধিক তারকা অভিনীত ছবি 'দেবী'।
১৩ মিনিটের ওই শর্ট ফিল্মে সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসা নির্যাতিতা নারীদের মনের কষ্টের কথা তুলে ধরা হয়েছে। সেখানেই অভিযোগ তুলেছেন অভিষেক। তার দাবি, প্রথমত, 'দেবী'র গল্প 'ফোর' থেকে চুরি করা এবং দ্বিতীয়ত, এই ছবি তৈরি করার আগে প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় এবং নির্মাতাদের কেউই অভিষেকের সঙ্গে যোগাযোগ করেননি। অভিষেক রায় তার যাবতীয় অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিয়েছেন ফেসবুকে। 'দেবী' এবং 'ফোর' ছবির কিছু দৃশ্য পাশাপাশি রেখেও তুলনা করেছেন তিনি।
যদিও এ অভিযোগের ভিত্তিতে এখনও কোনো রকম মন্তব্য করেননি পরিচালক প্রিয়াঙ্কা কিংবা অভিনেত্রীদের কেউই। প্রসঙ্গত, 'দেবী' ছবিতে ৯ অভিনেত্রী এবং পরিচালক ছাড়াও সিনেমা নির্মাণের প্রায় প্রত্যেক সদস্য নারী।
