অন্যদের দেখাদেখি কাজটি করিনি: চাঁদনী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুন ২০২০ | ১২:০০ | আপডেট: ১৩ জুন ২০২০ | ২৩:৩২
চাঁদনী। নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। অন্যান্য পরিচয়ের পাশাপাশি এবার কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করলেন তিনি। প্রথম গাওয়া মৌলিক গান ও নিজের ইউটিউব চ্যানেলের অন্যান্য আয়োজন নিয়ে কাটছে ব্যস্ত সময়। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-
আলাদা কোনো কাজের পরিকল্পনা করেই কি নিজস্ব ইউটিউব চ্যানেল খুলেছেন?
ইচ্ছা হয় অনেক কিছু করার। কিন্তু তার জন্য একটা প্ল্যাটফর্ম চাই, যেখানে পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করা যাবে। সেই ভাবনা থেকেই নিজস্ব ইউটিউব চ্যানেল খোলা। এটা ভাবার কোনো কারণ নেই যে, অন্যদের দেখাদেখি নিজের জন্য ইউটিউব চ্যানেল খুলেছি। আসলে অনেকদিন ধরেই নাটকের কাজ কমিয়ে দিয়েছি। হাতে বেশ লম্বা সময় ছিল। ভাবলাম, এ সময়টি কীভাবে কাজে লাগানো যায়। তা ছাড়া নিজের কাজের আর্কাইভের জন্য ইউটিউব চ্যানেলের প্রয়োজনীয়তা অনুভব করছিলাম। এভাবেই আসলে চ্যানেলটি যাত্রা শুরু হয়েছে। এখন চ্যানেলের কাজ নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে। নতুন কিছু আয়োজন শিগগির দর্শকের সামনে তুলে ধরব।
আপনার চ্যানেলে নাচ নিয়ে আলাদা কিছু থাকছে?
নাচ ছাড়া তো কোনো কিছু করার কথা ভাবতেই পারি না। নাচই আমার ধ্যানজ্ঞান। এ নিয়ে অনেক পরিকল্পনা করছি। যে জন্য ভিন্নরকম নাচের কম্পোজিশন নিয়ে ভাবছি। করোনা পরিস্থিতির কারণে এখন সবকিছু থমকে গেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন উদ্যমে সবকিছু শুরু করব।
কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করলেন। গানের প্রতি দুর্বলতা কি আগে থেকেই ছিল?
গান কার না ভালো লাগে। আমারও বিভিন্ন ঘরানার গানের প্রতি ভীষণ ভালো লাগা আছে। কিন্তু এর জন্য আলদা করে কণ্ঠশিল্পী হওয়ার স্বপ্ন দেখিনি। একান্ত ভালো লাগা থেকেই এবার একটি মৌলিক গান গাইলাম। এই গানের একটি বিশেষত্ব আছে। তা হলো এটি আমার মা ফাতেমা বেগমের লেখা। সুর ও সংগীত পরিচালনা করছেন 'রক চাইল্ড' ব্যান্ডের ফারহান আহমেদ। গানটি নিজের ইউটিউব চ্যানেলের জন্য তৈরি করা। এর কথা ও সুর অসাধারণ হয়েছে। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।
নাটকে অনিয়মিত কারণ কী?
মানুষের জীবনে কিছু সময় আসে, যখন চাইলেও একের পর এক কাজ নিয়ে ব্যস্ত হয়ে ওঠার সুযোগ থাকে না। এখন আমার সময়টাও সে রকম। নানা কারণে অভিনয়ে আগের মতো সময় দেওয়া হয়ে উঠছে না। তবে ভালো কাজের জন্য এখনও আমি প্রস্তুত। সুযোগ পেলেই অভিনয় করব।
ক্যামেরার সামনে কাজ কমিয়ে দিয়েছেন। নির্দেশনা দেওয়ার ইচ্ছা আছে কি?
এক সময় মিউজিক ভিডিও এবং নাচের অনুষ্ঠান নির্দেশনা দিয়েছি। কিন্তু তা পরিচালক হওয়ার বাসনা থেকে করিনি। একান্ত ভালো লাগা থেকেই ক্যামেরার পেছনে দাঁড়িয়েছিলাম। নাটক বা অন্য কোনো কিছুর পরিচালনা নিয়ে আপতত ভাবছি না।
সিনেমায় ফেরার কোনো পরিকল্পনা আছে?
পরিকল্পনা তো আছেই। সিনেমা দিয়ে রাষ্ট্রীয়ভাবে কাজের স্বীকৃতি পেয়েছি। দেড় যুগ আগে মুক্তি পাওয়া 'লালসালুর' সিনেমার 'জমিলা' চরিত্রটি এখনও দর্শক মনে রেখেছে। তাই ভালো গল্প ও চরিত্রের সিনেমা পেলে অবশ্যই অভিনয় করব। কারণ, বড় পর্দার কাজের প্রতি ভালোবাসা একটুও কমেনি।