'দত্তা' থেকে ফেরদৌস বাদ
চিত্রনায়ক ফেরদৌস- ফাইল ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯ | ১০:৪৪
প্রায় ছয় মাস ধরে দত্তা-র ভবিষ্যৎ নিয়ে শঙ্কা ছিল। অবশেষে বদলে গেল ছবির সব হিসাব-নিকাশ। নায়ক ফেরদৌসের পরিবর্তে সাহেব চট্টোপাধ্যায়কে নেওয়া হয়েছে। 'দত্তা'-র বিলাস বিহারীর ভূমিকায় এবার দেখা যাবে তাকে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের তৃণমূলের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় ফেরদৌসকে তাৎক্ষণিক ভারত ছাড়ার আদেশ দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি তার ভিসাও বাতিল করা হয়।
আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তেই অনিশ্চিত হয়ে যায় ‘দত্তা’-র ভবিষ্যত। ছবির কাজ অসম্পূর্ণ রেখেই বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হন হঠাৎ বৃষ্টির নায়ক।
মাত্র কুড়ি শতাংশ সম্পন্ন হয় ছবির কাজ। বাকি কাজে হাত দিতে পারছিলেন না পরিচালক। বাংলাদেশ থেকে ভারতে যেতে পারবেন না ফেরদৌস। তাই বিলাস বিহারী চরিত্র পরিবর্তনকেই একমাত্র সমাধান হিসেবে নিলেন পরিচালক। ডিসেম্বরে শুটিং শুরু হবে ফিরদৌস অভিনীত অংশের।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে বাংলা ছবি ‘দত্তা’ । ছবির পরিচালক নির্মল চক্রবর্তী জানিয়েছেন, ‘বোলপুরে নয়, আশপাশে কোনো উপযুক্ত জায়গাতেই শুটিং হবে। ইচ্ছা রয়েছে ডিসেম্বরেই পুরো ছবি শুট করে নেয়ার। বাকিটা নির্ভর করছে শিল্পীদের ডেট দেয়ার ওপর।’
১৯১৮ সালের সেপ্টেম্বর মাসে প্রথম প্রকাশিত হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘দত্তা’। ১৯৩৪ সালে প্রকাশিত হয় ‘দত্তা’র নাট্যরূপ ‘বিজয়া’। এই উপন্যাস অবলম্বনে ১৯৫১ ও ১৯৭৬ সালে ভারতে দুটি ছবি তৈরি হয়েছে। এবার একই উপন্যাস নিয়ে নির্মল চক্রবর্তী তার প্রথম চলচ্চিত্র নির্মাণ করছেন।
ছবিতে ঋতুপর্ণা ছাড়াও রয়েছেন জয় সেনগুপ্ত এবং রাস বিহারীর ভূমিকায় দেখা যাবে বর্ষীয়ান তারকা বিশ্বজিৎ চক্রবর্তীকে।