নাটকে লোক ঠকানো দৈত্যের গল্প
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২০ | ১২:০০ | আপডেট: ২৬ জুন ২০২০ | ০৪:১৯
তিন দৈত্যকে বিশেষ কাজে নোয়াখালী ও কিশোরগঞ্জে পাঠায় তাদের নেতা। এদের মধ্যে একজন ডায়াবেটিস বাঁধিয়ে ফেলে। এরপর তারা আশ্রয় নেয় জঙ্গলে। এক নারীর ওপর ভর করে হুলস্থুল ফেলে দেয় এলাকায়।
দৈত্যের এমনই গল্প নিয়ে নির্মিত হচ্ছে সাত পর্বের ধারাবাহিক নাটক 'তিন দৈত্য'। এটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। এতে তিন দৈত্যের ভূমিকায় অভিনয় করছেন ফারুক হোসেন, মাহমুদুল মিঠু ও জামিল হোসেন। তাদের নেতা প্রদীপ কুমার চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। চেয়ারম্যান চরিত্রে দেখা যাবে মাজনুন মিজানকে। তার বোনের চরিত্রে অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর।
ঊর্মিলা শ্রাবন্তী কর বলেন, "অন্যরকম গল্পের নাটক 'তিন দৈত্য'। মূলত চার চতুর লোকের গল্প এটি। যারা দৈত্য সেজে মানুষ ঠকায়। করোনাভাইরাসের কারণে নানা সীমাবদ্ধতা নিয়ে নাটকটি করতে হয়েছে। তারপরও সবমিলিয়ে নাটকটি ভালো হয়েছে। এখানে আমি অভিনয় করেছি চেয়ারম্যানের বোনের চরিত্রে। যে মেয়েটি নায়িকা হতে চায়। এরপর ঘটে নানান মজার ঘটনা। আশা করছি নাটকটি দর্শকরা বেশ উপভোগ করবেন।"
ক্রাউন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত নাটকটি ঈদুল আজহায় একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে। এমনটিই জানিয়েছেন নির্মাতা।