মমর নাটকে করোনার গল্প
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২০ | ১২:০০ | আপডেট: ২৬ জুন ২০২০ | ০৪:২৩
সম্পর্কের টানাপোড়েন, দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ, ষড়যন্ত্রের জালে জড়িয়ে যাওয়া- এমন অনেক ঘটনা চোখে পড়েছে মম অভিনীত নাটকে। কিন্তু এই প্রথম মম অভিনয় করলেন এমন একটি নাটকে, যার গল্প লেখা হয়েছে করোনাভাইরাসের মহামারিকে কেন্দ্র করে। নাটকের নাম 'গল্প নয়'। যৌথভাবে এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ফারিয়া হোসেন ও চয়নিকা চৌধুরী। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
এটি নির্মাতার ৪০০তম নাটক। এতে জাকিয়া বারী মমর বিপরীতে দেখা যাবে আনিসুর রহমান মিলনকে। এছাড়া নাটকের বিভিন্ন চরিত্রে দেখা যাবে ইরফান সাজ্জাদ, মিলি বাশার, মাসুম বাশার ও আবুল হায়াতকে। অভিনয়শিল্পীরা যে যার বাড়িতে বসেই এ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন। আগামী ৩ জুলাই এনটিভির বর্ষপূর্তির অনুষ্ঠানমালায় নাটকটি প্রচার হবে বলে নির্মাতা জানান।
মম বলেন, 'চলমান দুঃসময়ের কিছু ঘটনা নিয়ে নাটকের গল্প। এ ধরনের গল্পে আগে কখনও কাজ করিনি। এতে আনিসুর রহমান মিলনের স্ত্রী রূপার চরিত্রে আমাকে দেখা যাবে। রূপা খুবই আবেগপ্রবণ মেয়ে। তার স্বামী [মিলন] অস্ট্রেলিয়ায় থাকে। সেখানেই সে আক্রান্ত হয় করোনাভাইরাসে। এ নিয়ে দিশেহারা হয়ে পড়ে রূপা। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। আশা করছি, সমকালীন এই গল্প দর্শকের মনে ছাপ ফেলবে।' নাটক প্রসঙ্গে মম আরও বলেন, 'এ মুহূর্তে বাইরে গিয়ে শুটিং করা কঠিন কাজ। তাই যার যার বাসায় থেকে নাটকের শুটিং করেছি। নাটকেও আছে করোনা নিয়ে সচেতনতার বার্তা।'
- বিষয় :
- বিনোদন
- জাকিয়া বারি মম