স্বামীসহ বিপাশা বসুর বিরুদ্ধে গায়কের গুরুতর অভিযোগ
বিপাশা বসু ও করণ সিং গ্রোভার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫ | ১৬:৩৪ | আপডেট: ০৩ মার্চ ২০২৫ | ১৯:১৮
বিপাশা বসু ও তাঁর স্বামী করণ সিং গ্রোভারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন গায়ক মিকা সিংহ। সরাসরি তাঁদের ‘বাহনাবাজ’, ‘অপেশাদার’ বলে দাবি করে প্রযোজকের আর্থিক ক্ষতির জন্য দায়ী করেছেন মিকা। নায়কের এমন অভিযোগ অস্বীকার করেছেন বিপাশা।
বিপাশা-করণ দম্পতিকে কটাক্ষ করে গায়ক বলেন, ‘এই মুহূর্তে দু’জনেই বাড়িতে বসে। হাতে কাজ নেই। তার কারণ ঈশ্বর উপর থেকে সব দেখেন, কাউকে কাঁদিয়ে সুখে থাকা যায় না।’ এ বার মিকার তোলা অভিযোগের পাল্টা জবাব দিলেন বাঙালিকন্যা।
বিপাশা প্রায় দু’দশক ধরে বলিউডে কাজ করছেন। কেরিয়ারের শুরুর দিক থেকেই তাঁকে আবেদনময়ী বলেই দাগিয়ে দেওয়া। তাই বরবারই সেই ধরনের চরিত্রেই দেখা গিয়েছে তাঁকে। পর্দায় বার বার সাহসী বিপাশাকে দর্শকের সামনে তুলে ধরা হয়েছে।

মডেল থেকে অভিনেত্রী হওয়ার সফরও কম রোমাঞ্চকর নয় তাঁর। দীর্ঘদিন প্রচারের আলোয় থাকার পর বিয়ে, তারপর মা হন বিপাশা। সেই সময় থেকে কাজ কমিয়ে দেন তিনি। এখন পর্দায় প্রায় দেখাই যায় না তাঁকে। মেয়ে ও সংসার নিয়ে ব্যস্ত তিনি।
সম্প্রতি মিকার এমন অভিযোগ প্রসঙ্গে বিপাশা ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে লেখেন, ‘বাজে মানুষের গলার আওয়াজ বেশি। দায় না নিয়ে বরং লোকের দিকে আঙুল তোলাই তাঁদের কাজ। তাই এই ধরনের মানুষের থেকে দূরে থাকুন ও নেতিবাচক প্রভাব জীবনে পড়তে দেবেন না। দুগ্গা দু্গ্গা।’
করণ-বিপাশার বিয়ের ঠিক আগে ‘ডেঞ্জারস’ নামক একটি ছবি করেন তাঁরা। সেই ছবির প্রযোজক ছিলেন মিকা। বক্স অফিসে মুখে থুবড়ে পড়ে ছবিটি। এই সময় মিকাকে মাথার ঘাম পায়ে ফেলতে হয় বিপাশার বায়না রাখতে।

মিকার কথায়, ‘বিপাশা এই ছবিটার সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বাজেট বেড়ে হয় ১৫ কোটি। ৫০ জনের দল নিয়ে লন্ডনে শুটিং শুরু হলেও নানা ছুতোয় কাজে বাধা দিতে শুরু করেন বিপাশা। একাধিক দিন শুটিংয়ে দেরি করে আসেন। এছাড়া চিত্রনাট্যের প্রযোজনে কিছু অতিরিক্ত দৃশ্যের প্রয়োজন ছিল। কিন্তু বিপাশার কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।’
মিকা জানান, শুধু শুটিংয়ের সময় নয়, ডাবিংয়ের সময় নানা টালবাহনা করতে থাকেন। গলা খারাপ বলে একাধিক দিন বাতিল করেছেন। এর ফলে কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েন তিনি।
- বিষয় :
- বিপাশা বসু
