আয়োজন করে এন্ড্রু কিশোরকে শ্রদ্ধা জানানো হচ্ছে না
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ০০:২৭
বাংলা চলচ্চিত্রের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরকে আয়োজন করে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে না। মূলত করোনা ভাইরাসের কারণেই শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন এন্ড্রু কিশোরের বড় বোনের স্বামী ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস।
যদিও এর আগে বলা হয় শিল্পী এন্ড্রু কিশোরকে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজে। সেখানে আর নিয়ে যাওয়া হচ্ছেনা।
১৫ জুলাই এন্ড্রু কিশোরের মরদেহ সিটি চার্চে নিয়ে যাওয়া হবে। সেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে পাশেই থাকা খ্রিস্টিয়ান কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানান ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস।
ডা. বিশ্বাস বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়িত্ব নিয়েছিলেন এন্ড্রু কিশোরের মরদেহ বুধবার বেলা ১১টায় শহীদ মিনারে নেওয়া হবে এবং সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়েই প্ল্যান ছিল। পরিবারের সবাই সম্মতিও দিয়েছিলো। কিন্তু মূলত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রস্তুতিতে ঘাটতি এবং করোনা পরিস্থিতির কারণে মানুষের জনসমাগম চিন্তা করে এটা স্থগিত করা হয়েছে।'
গত ৬ জুলাই সন্ধ্যায় জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় বোনের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর।
- বিষয় :
- এন্ড্রু কিশোর
- মরদেহ
- প্লেব্যাক সম্রাট