ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লস অ্যাঞ্জেলেসে মামুনুর রশীদের ‘তুম্বা ও প্রতিবেশী’

লস অ্যাঞ্জেলেসে মামুনুর রশীদের ‘তুম্বা ও প্রতিবেশী’
×

মামুনুর রশীদ। ছবি:সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৫ | ১৭:৪৮ | আপডেট: ১২ জুলাই ২০২৫ | ১৭:৫২

সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে মঞ্চে অভিনয় করছেন তিনি। এর আগে এই অভিনেতা ও নির্মাতা ২২ জুন রোববার সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডিএফডব্লিউ ফ্যামিলি চার্চে একক অভিনয় নিয়ে হাজির হয়েছিলেন। ওইদিন মঞ্চায়ন হয়েছিল তাঁর অভিনীত নাটক ‘তুম্বা ও প্রতিবেশী’।

এবার লস অ্যাঞ্জেলেসে হবে একই নাটকের আরও একটি প্রদর্শনী। আগামী ২৬ জুলাই লস অ্যাঞ্জেলেসের সিনোটোলেজিতে হবে এর মঞ্চায়ন। পাশাপাশি ২৭ জুলাই বাংলাদেশ একাডেমিতে রয়েছে নাট্য কর্মশালা।

রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যালিফোর্নিয়ার আয়োজনে এ উপলক্ষে এক মতবিনিময় সভায় অংশ নেবেন মামুনুর রশীদ। আয়োজনে সহযোগিতা করেছে লস অ্যাঞ্জেলেস অ্যাকটিং একাডেমি। নাটকটি লেখার পাশাপাশি নির্দেশনাও দিয়েছেন এই বরেণ্য নাট্যব্যক্তিত্ব। 

এক ষাটোর্ধ্ব ব্যক্তি ও এক কুকুরকে নিয়ে নাটকের গল্প। এতে দেখা যাবে, রাহাত চৌধুরী একজন ষাটোর্ধ্ব অবসরপ্রাপ্ত ব্যক্তি। প্রতিবেশী রুবাইয়াত আলীর পোষা কুকুর তুম্বার সঙ্গে শুরুতে তাঁর সম্পর্কটা ঠিক সৌহার্দ্যপূর্ণ ছিল না। পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জন্য রাহাত চৌধুরীকে চড়া মূল্যও দিতে হয়। ত্যক্তবিরক্ত হয়ে রাহাত চৌধুরীর স্ত্রী বাসা ছেড়ে চলে যান। নিঃসঙ্গ জীবনে তুম্বা ছাড়া কেউ থাকে না। একটি ঘটনা রাহাত চৌধুরীকে আরও নিঃসঙ্গতার দিকে নিয়ে যায়। গত ২৪ মার্চ ঈদ উপলক্ষে মিরপুরের ঋদ্ধি গ্যালারিতে নাটকটির উদ্বোধনী পর্ব মঞ্চস্থ হয়েছিল। বাঙলা থিয়েটার প্রযোজিত নাটকটিতে মামুনুর রশীদের অভিনয় বেশ প্রশংসিত হয়।

গত ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন মামুনুর রশীদ। ঢাকায় বিমানে ওঠার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। যুক্তরাষ্ট্রে অবতরণের পর তাঁকে নেওয়া হয় হাসপাতালে। পরীক্ষায় ধরা পড়ে, তাঁর ফুসফুসের দু’পাশই নিউমোনিয়া আক্রান্ত। এ অবস্থায় দ্রুত তাঁকে নিবিড় পরিচর্যায় [আইসিইউ] নেন চিকিৎসকরা। ছয় দিন দেশটির একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সেখান থেকে বাড়ি ফেরার অনুমতি পান তিনি। আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন এই অভিনেতা ও নাট্যকার। 

এদিকে সম্প্রতি চ্যানেল আইতে প্রচার শুরু হয়েছে মামুনুর রশীদের পরিচালনায় ১০০ পর্বের ধারাবাহিক ‘চরণ ছুঁয়ে যাই’। নাটকের গল্প সম্পর্কে বলা হয়, এটি শুধু একটি প্রেমের গল্প নয়, দেশপ্রেম, ভালোবাসা, মায়া-মমতায় ঘেরা এবং ক্ষতবিক্ষত একটি জনপদের গল্প। বুকের ভেতর বৃষ্টি হওয়ার গল্প, চোখের ভেতর সব খোয়ানোর গল্প, প্রেমে মজে থাকার গল্প, প্রেমের আগুনে পুড়ে যাওয়ার গল্প। সব মিলিয়ে একটি সামাজিক ও পারিবারিক কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটকটি। পরিচালনার পাশাপাশি এ ধারাবাহিকে অভিনয়ও করছেন তিনি। এটি প্রচার হচ্ছে সপ্তাহের প্রতি শনিবার থেকে বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।
 

আরও পড়ুন

×